‘সরকার পতন পর্যন্ত রাজপথ জনতার দখলে থাকবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের ব্যর্থতার কারণে জনগণ রাজপথে নেমে এসেছে। সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ জনতার দখলে থাকবে। গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে এক সমাবেশে বিএনপির নেতারা এ বক্তব্য দেন। এদিকে চট্টগ্রাম নগরে গতকাল বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। গতকাল সকাল-সন্ধ্যার হরতালে নগরের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। হরতাল চলাকালে আওয়ামী লীগও নগরের কয়েকটি স্থানে সমাবেশ ও মিছিল করে।গতকাল বিকেলে নগরের নূর আহম্মদ সড়কে মহানগর বিএনপি সমাবেশের আয়োজন করে। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে আমীর খসরু বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার ভীত হয়ে পড়েছে। তাই নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা থাকেন র‌্যাব-পুলিশের পাহারায়। আর আমরা রাজপথে থাকি জনগণকে সঙ্গে নিয়ে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ জনতার দখলে থাকবে।’ সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ। গতকাল সকাল থেকে হরতালের সমর্থনে নগরের বহদ্দারহাট, দেওয়ানহাট, জুবিলি রোড, বিআরটিসি, লাভ লেইনসহ বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। নগরের বিভিন্ন স্থানে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’