‘সরকার পতনের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ সরকার পতন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবার সরকারের পতন হবেই। গতকাল শনিবার বিকেলে ১৮ দলীয় জোটের প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। কাল সোমবার ও পরদিন মঙ্গলবারের হরতাল সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। নগরের মেহেদীবাগে আমীর খসরুর বাসভবনে এ সভায় নগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে আমীর খসরু বলেন, দেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার ইচ্ছা করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে গুটিকয় লোককে পুলিশ-র‌্যাব-বিজিবি দিয়ে পাহারা দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে। গণজাগরণ মঞ্চকে সরকারের সাজানো নাটক অভিহিত করে আমীর খসরু বলেন, দেশের জনগণ বুঝে গেছে গণজাগরণ মঞ্চ এখন আওয়ামী লীগের দুর্নীতি রক্ষার মঞ্চে পরিণত হয়েছে। জনগণ এখন সরকার পতনের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবার সকারের পতন হবেই। হরতালে বাধা দিলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, জামায়াতে ইসলামীর মহানগর আমির ও সাংসদ শামসুল ইসলাম, জামায়াতের নগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, বিজেপি নেতা নুর মোহাম্মদ খান, ন্যাপ নেতা ওসমান গনি শিকদার, এলডিপি নেতা দোস্ত মোহাম্মদ প্রমুখ।