বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সরকার দেশে বাকশাল কায়েমের চেষ্টা করছে। পৃথক দুটি বিবৃতিতে এই মন্তব্য করেন বিএনপির চট্টগ্রাম অঞ্চলের নেতারা। তাঁরা গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। গতকাল শনিবার এই দুটি বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা বলেন, বর্তমান সরকারের শাসন স্বৈরাচারী সরকারের শাসনকেও হার মানিয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এবং গ্রেপ্তার করে সরকার দেশে বাকশাল কায়েমের চেষ্টা করছে। দমন-পীড়ন করে কোনো সরকার ক্ষমতায় টিকতে পারেনি। অতীত থেকে বর্তমান সরকারের শিক্ষা নেওয়া উচিত বলে বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে সই করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজি কবির, নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।বিবৃতিতে বলা হয়, সরকার নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে মারছে। এই খুনি সরকারের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। বিবৃতিতে নেতারা গত সোম ও মঙ্গলবার হরতাল চলাকালে চট্টগ্রামে গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান। এদিকে পৃথক আরেকটি বিবৃতিতে গ্রেপ্তার দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিবৃতিতে নোমান বলেন, পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কিন্তু সাম্প্রতিক সময়ে ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা পুলিশের নিয়মিত কাজে পরিণত হয়েছে। অবিলম্বে গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে নোমান আরও বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার না হলে এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হলে চট্টগ্রাম মহানগরে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বিএনপি বাধ্য হবে।