'সরকার বিএনপির কৃতিত্ব ছিনতাই করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০ ভাগ কাজ অসমাপ্ত রেখে গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক উদ্বোধন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, তড়িঘড়ি করে এ উড়ালসড়কের উদ্বোধন করে বর্তমান সরকার বিএনপির কৃতিত্ব ছিনতাই করেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা এসব কথা বলেন।
সাবেক মেয়র দাবি করেন, উড়ালসড়কটির সবকিছু গত বিএনপি সরকারের সময়ই চূড়ান্ত হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৬ সালের ৪ জুন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু বর্তমান সরকার খালেদা জিয়ার দেওয়া ভিত্তিপ্রস্তর তুলে ফেলেছে। এ ছাড়া মগবাজার ও কুড়িল উড়ালসড়ক এবং হাতিরঝিল প্রকল্পও বিএনপির আমলে শুরু হয় বলে দাবি করেন সাদেক হোসেন।
সাদেক হোসেন বলেন, ‘কিছুদিন ধরে আমরা দেখছি, শেখ হাসিনার মধ্যে উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপনের রোগ দেখা দিয়েছে। একটি অসমাপ্ত কাজ উদ্বোধন করা কতটা দায়িত্বশীলতার মধ্যে পড়ে, তা বোধগম্য নয়।’ তিনি দাবি করেন, ঢাকা শহরের দৃশ্যমান যত উন্নয়ন, সবগুলোর শত ভাগ দাবিদার বিএনপি সরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।