'সরকার বেকায়দায় নেই যে খালেদাকে প্যারোলে মুক্তি দিতে হবে'

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার এমন কোনো বেকায়দায় নেই যে আদালতে দণ্ডিত বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তিন দিনব্যাপী ‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ১৪২৬’ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া আদালতে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। আদালতে জামিন পাওয়াই তাঁর মুক্তির পথ। আর প্যারোলের বিষয়টি হচ্ছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজে চাইলেই কেবল তা বিবেচনার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দেওয়া যায় না। বিএনপি নেতারা কেন অবান্তর কথা বলেন, তা বোধগম্য নয়।’
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত বিএনপি’র নেতাদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘যারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা সংসদে তাদের কথা বলার জন্যই করেছে। সংসদে না যাওয়ার জন্য নয়। সুতরাং শপথ নেওয়া তাঁদের দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি তারা সে দায়িত্ব পালন করবেন, কারণ তাতে বিএনপিরই মঙ্গল। এখন তাঁরা রাজপথে যে কথা বলছেন, সেটা তাঁরা সংসদে গিয়ে বলার সুযোগ পাবেন। আমি তাঁদের আহ্বান জানাব সংসদে যোগ দেওয়ার জন্য।’
কোনো শর্তের কারণে বিএনপি সংসদে যোগ দেবে এমন কোনো বিষয়ই নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাঁরা নির্বাচিত হয়েছেন যোগ দেওয়ার জন্য। সেটি না করে, শপথ না নিয়ে, ভোটদাতাদের অবজ্ঞা করা অনুচিত বলেই আমি মনে করি।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, শিল্পকলা একাডেমির সচিব কাজী আসাদুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা।