‘সরকার মানুষের মনের ভাব বোঝে না। ই-না হলে খালি তেলের দাম বাড়ায় কেনে?’ এভাবেই বলছিলেন সিলেট নগরের মজুমদারী এলাকার বাসিন্দা আফসর উদ্দিন। তাঁর মতো আরও অনেকের দাবি, ক্রমাগত ভুল সিদ্ধান্তের কারণে সরকার ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। চার বছরের সব সাফল্য নিমেষেই শেষ হয়ে যাচ্ছে কিছু ভুলের কারণে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলাপ হয় অর্ধশতাধিক মানুষের সঙ্গে। আলাপচারিতায় অংশগ্রহণকারীরা দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের বিশ্লেষণ করেন। নগরের ঝালোপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, বর্তমান সরকার জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়িয়েছে। বিশেষ করে গত বৃহস্পতিবার যেভাবে বাড়ানো হয়েছে, সেটা হঠকারী সিদ্ধান্ত। পাবলিক এটি মেনে নেয়নি। দাড়িয়াপাড়া এলাকার স্কুলশিক্ষক আফতাব উদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। কয়েকটি পথে যানবাহনের চালকেরা গাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। তেলের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাবে, ফলে দ্রব্যমূল্যও আরেক দফা বাড়বে। বাগবাড়ী এলাকার বাসিন্দা সুপ্তা রায় বলেন, ‘প্রথম আলোতেই একটি সংবাদে দেখলাম অর্থমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় নাকি আমাদের দেশে জ্বালানি তেলের দাম এখনো কম! এটা কোনো দায়িত্বশীল কথা হতে পারে না। সবকিছু নিয়ে তাঁর এত বেশি কথা বলার প্রয়োজনটাই বা কী?’ শিবগঞ্জ এলাকার বাসিন্দা সুফিয়ান আহমদ বলেন, ‘মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার, বাংলাদেশের পক্ষে সমুদ্রসীমার রায় এবং জঙ্গি দমন ছাড়া আর কোনো সাফল্য সরকার দেখাতে পেরেছে কি? সরকার প্রতি পদে পদে ব্যর্থ হচ্ছে। অথচ কত আশা ও প্রত্যাশা নিয়ে সরকারকে ভোট দিয়েছি।’ ‘আওয়ামী লীগ ও বিএনপি দুটো দলই দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থ বেশি দেখে। জামায়াত তো ভয়ংকর বাজে একটি দল। আর জাতীয় পার্টির তো কোনো চরিত্রই নেই। এ দেশে বিকল্প নেতৃত্ব ও ধারার জন্ম হওয়া উচিত।’ বলেন লামাবাজার এলাকার ব্যবসায়ী আক্কাছ আলী। শেখঘাট এলাকার ইসমাইল মিয়া বলেন, ‘আওয়ামী লীগ এইবার দেশ তেমন ভালো চালাইতে পারতাছে না। তবে বিএনপি ক্ষমতায় এলে দেশ আরও খারাপের দিকে যেত। আগামীতেও ভোট আওয়ামী লীগকেই দেব। কারণ, বিএনপির রাজনৈতিক আদর্শ দিন দিন কট্টর ধর্মীয় গোঁড়ামির দিকে যাচ্ছে।’ ]মির্জাজাঙ্গাল এলাকার গৃহিণী নেহার বেগম বলেন, ‘মানুষ কী চায়—সেটা কেন সরকার উপলব্ধি করতে পারে না। আমরা তো মনে করতাম, আওয়ামী লীগ সরকারই কেবল জনবান্ধব সরকার। কিন্তু বারবার কেন আমরা ধোঁকা খাচ্ছি?’ কুমারপাড়া এলাকার একটি বস্তিতে থাকেন রিকশাচালক মনোহর মিয়া। তিনি বলেন, ‘ভাই, আমি অত শত বুঝি না। ইটা বুঝি যে—দ্যাশ ভালা কইর্যা চলতাছে না।’ লালদীঘিরপাড় এলাকার ব্যবসায়ী ইমতিয়াজুর রহমান বলেন, ‘সমস্যা একটাই, আওয়ামী লীগ ছাড়া বিকল্প দলও নাই। আগে ভাবতাম, বিএনপিও একটি উদার অসাম্প্রদায়িক দল। কিন্তু জামায়াত তাদের সঙ্গে জোট বাঁধার পর থেকে সেই দলকে আর পছন্দ করি না।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিবুর রেজা বলেন, তথ্যপ্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে দেশ বেশ এগিয়েছে। তবে সারা দেশের রাস্তাঘাট থেকে শুরু করে কোনো ধরনের অবকাঠামো উন্নয়ন তেমন একটা হয়নি।