
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে দাবি করেছে জনসংহতি সমিতি (জেএসএস সন্তু লারমা)। রাঙামাটিতে আয়োজিত সমাবেশে জেএসএস নেতারা এই দাবি করেন। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় বান্দরবানেও বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।
এদিকে খাগড়াছড়িতে জেএসএসের (এমএন লারমা) সমাবেশে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে টানা কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার পাহাড়ের আঞ্চলিক দলগুলো তিন পার্বত্য জেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। প্রতিবেদন পাঠিয়েছেন প্রথম আলোর বান্দরবান, বাঘাইছড়ি (রাঙামাটি) ও খাগড়াছড়ি প্রতিনিধি।
শনিবার সকাল ১০টায় রাঙামাটি শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে জেএসএস গণ-সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংসদ উষাতন তালুকদার। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মো. হোসাইন কবির, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা প্রমুখ। গণ-সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উষাতন তালুকদার বলেন, ‘সরকার যদি পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে তাহলে আমাদের কেন নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে? পার্বত্য চট্টগ্রামের চুক্তির আগে যে সমস্যা ছিল এখনো রয়েছে। অব্যাহতভাবে ভূমি বেদখল করা হচ্ছে।’
এদিকে একই সময় চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, সাংসদ ফিরোজা বেগম, রাঙামাটি সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক প্রমুখ।

বান্দরবানে শনিবার বেলা ২টায় জেলা শহরের উজানীপাড়া রাজবাড়ি মাঠ থেকে জনসংহতি সমিতি (জেএসএস সন্তু লারমা) বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে রাজবাড়ি মাঠে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ২০ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে বাস্তবায়ন হয়েছে বলে মিথ্যাচার করছে। কিন্তু মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্য বা মং মারমা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি উছোমং মারমা।
এদিকে সরকারিভাবে আয়োজিত চার দিনের উৎসবের শেষ দিনে গতকাল রোববার সেনাবাহিনী চিকিৎসা শিবির ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। একই সঙ্গে জেলা পরিষদ কনসার্টের আয়োজন করেছে।
গতকাল সকাল ১০টায় জেলা শহরের রাজাবাড়ি মাঠে সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের আয়োজিত চিকিৎসা শিবির, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। এ লক্ষ্যে সেনাবাহিনীও কাজ করে যাচ্ছে। চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষের আর্থ-সামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
এদিকে খাগড়াছড়িতে জনসংহতি সমিতির (এমএন লারমা) সভায় দ্রুত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাস্তবায়ন করার দাবি জানানো হয়। পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার খাগড়াছড়ির টাউন হলে এই সভার আয়োজন করা হয়। বিভূ রঞ্জন চাকমার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেএসএসের (এমএন লারমা) কেন্দ্রীয় সভাপতি সুধাসিন্দু খীসা।
সভায় সভাপতি সুধাসিন্ধু খীসা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ধারা অনুযায়ী পার্বত্য অঞ্চলতে উপজাতীয় অধ্যুষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও বহিরাগত বাঙালিদের পুনর্বাসন অব্যাহত আছে। পাহাড়িরা নিজেদের ঘরবাড়ি, জায়গা-জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ সরকার চুক্তি বাস্তবায়ন না করে নানা অজুহাত দেখাচ্ছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য বিনোদ বিহারী খীসা প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি প্রফুল্ল কুমার চাকমা।