'সরকার যেন তাড়াতাড়ি স্কুলটা ঠিক করি দেয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিনা খাতুন নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বলে, ‘ভালো করি লেখি দেন, হামরা বেঞ্চ চাই, ছাদ চাই, রুম চাই, গরমে ঠাসাঠাসি ক্লাস করতে কষ্ট হয়। সরকার যেন তাড়াতাড়ি স্কুলটা ঠিক করি দেয়।’

রিনা রংপুরের তারাগঞ্জ উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বেঞ্চ-সংকটের বিষয়ে সে গতকাল সোমবার প্রথম আলোকে এসব কথা বলে।

বিদ্যালয়টির আরও বড় সমস্যা আছে। তিন বছর আগে বিদ্যালয়টিকে নিম্নমাধ্যমিকে উন্নীত করা হয়। কিন্তু শিক্ষক দেওয়া হয়নি। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিচ্ছেন নিম্নমাধ্যমিকের ক্লাস। যদিও তাঁরা সৃজনশীল বিষয়-আশয় বোঝেন না। তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়নি।

উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে চাকলা গ্রামে ১৯৫৭ সালে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের নামে ১ একর ৩০ শতক জমি আছে। ওই জমির ওপর একটি পাকা ভবনে তিনটি কক্ষ এবং আরেকটি টিনের ঘরে রয়েছে আরও তিনটি কক্ষ। তবে ১৯৫৭ সালে নির্মিত পাকা ভবনটির তিনটি কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনটির ছাদ চুইয়ে পানি পড়ে। পলেস্তারা খসে গেছে। আর টিনের ঘরের তিনটি কক্ষের ওপরের টিনের ছিদ্র দিয়েও পড়ে বৃষ্টির পানি।

২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয়টিকে ষষ্ঠ, ২০১৪ সালে সপ্তম ও ২০১৫ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ৩৯৭। শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং উচ্চতর শ্রেণি খোলা হলেও বিদ্যালয়ে শিক্ষকের পদ আগের মতো রয়ে গেছে।

গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে কক্ষের ভেতরে মেঝেতে বসে। শিশুশ্রেণির ছাত্রী সুফিয়া আক্তার প্রথম আলোকে বলে, ‘মাঝিয়াত চটোত বসি পড়তে কষ্ট হয়। হাতের লেখাও খারাপ হয়া যায়।’

ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরিফা আক্তার বলে, ‘অন্য স্কুলের ছাত্রছাত্রীরা উপবৃত্তি পায়। কিন্তু আমরা পাই না।’

অষ্টম শ্রেণির মোকমেনা খাতুন বলে, ‘স্যারেরা পাঠ্যপুস্তকের সৃজনশীল বিষয়গুলো বোঝেন না। হামাকও ভালো করি পড়ান না।’

প্রধান শিক্ষক আঞ্জুমান বেগম বলেন, ‘বিদ্যালয়টি নিম্নমাধ্যমিকে উন্নীত করা হলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়েই চলছে পাঠদান। অথচ নিম্নমাধ্যমিক পর্যায়ে পড়াতে গেলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দরকার। নিম্নমাধ্যমিকের সব বিষয় সৃজনশীল। আমরা এসব বুঝি না। আমাদের এসব বিষয়ে প্রশিক্ষণও নেই। প্রশিক্ষণ নেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছিলাম। তিনি প্রশিক্ষণ দেওয়ার কোনো উদ্যোগ নেননি। বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক ও বেঞ্চ-সংকট সমাধানের জন্য শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কাজ হয়নি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ওই প্রাথমিক বিদ্যালয়টিকে নিম্নমাধ্যমিকে উন্নীত করা হয়েছে। কিন্তু বিষয়টি মাধ্যমিক অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়নি। তাই বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক দেওয়া এবং শিক্ষার্থীদের অন্য কোনো সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, ‘ওই বিদ্যালয়ের সমস্যার কথা শিক্ষকেরা আমাকে জানিয়েছেন। পরিকল্পনা করে খুব শিগগির সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’