'সরকার সব গণমাধ্যমকে দলীয় মুখপত্র বানাতে চায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার অপচেষ্টা চলছে। এ উদ্দেশ্যে সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। তাঁরা অবিলম্বে এ নীতিমালা বাতিলের দাবি জানান।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, সরকার ইতিমধ্যে ভিন্নমতের কয়েকটি গণমাধ্যম বন্ধ করেছে। তারা এখন সব গণমাধ্যমকে দলীয় মুখপত্র করতে চায়।
নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সরকার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের সম্পাদকীয় নীতিমালাও ঠিক করে দিতে চায়, যা গ্রহণযোগ্য নয়।
বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ এই নীতিমালাকে ‘ভীতিমালা’ বলে মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, সরকার জনবিচ্ছিন্ন বলেই শক্তি প্রয়োগের নীতি গ্রহণ করেছে। সম্প্রচার নীতিমালা তারই অংশ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, সদস্যসচিব জাহিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।