'সরকার সব ব্যাংক ফুটো করে গ্রামীণ ব্যাংক দখল করতে চাইছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেছেন, সরকারদলীয় লোকজন দেশের অন্য ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে আর ফেরত দিচ্ছে না। বড় ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। সরকার এসব ব্যাংক ‘ফুটো করে’ এখন গ্রামীণ ব্যাংক দখল করতে চাইছে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্র’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই অভিযোগ করেন। বক্তারা গ্রামীণ ব্যাংক রক্ষায় দলমত-নির্বিশেষে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্রঋণবিষয়ক সম্মেলনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশের কৃতী মানব হিসেবে উল্লেখ করে বক্তৃতা দিয়েছিলেন। সেই আওয়ামী লীগ সরকারই এখন নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা করতে উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে দেশে যত বেশি হেনস্তা করা হবে বিদেশে তিনি তত বেশি সম্মানিত হবেন।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার অন্য সব ব্যাংক ফুটো করে খালি করে ফেলেছে। এখন গ্রামীণ ব্যাংককে দখল করে একেও ওই ব্যাংকগুলোর কাতারে নামাতে চাচ্ছে। ড. ইউনূসের আয়কর রিটার্ন জনসম্মুখে প্রচার করাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘সব নাগরিকের আয়কর রিটার্ন সবার জানা উচিত। এতে আমরা জানতে পারব প্রধানমন্ত্রীর পুত্র জয়ের কয়টা বাড়ি আছে আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কত টাকা এখান থেকে ওখানে নিয়েছেন।’
সাবেক রাষ্ট্রদূত রাশেদ চৌধুরী বলেন, অধ্যাপক ইউনূসের আয়কর-সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রিপরিষদে আলোচনা হয়। কিন্তু ফেলানীর বিচার কেন হলো না, সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না আর সীমান্ত দিয়ে যে অবাধে ফেনসিডিল প্রবেশ করছে তা নিয়ে আলোচনা হয় না। ড. ইউনূসের নেতৃত্বে দলমত-নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সাবেক রাষ্ট্রদূত এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী সদরুল হক মৃধা, সাবেক আমলা মো. নাসিরউদ্দিন।