'সরকার সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় ৫১ বিজিবি ক্যাম্প স্থাপন করতে গিয়ে সরকার তার সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব লঙ্ঘন করেছে। পাশাপাশি রাঙামাটিতে সিএইচটি (পার্বত্য চট্টগ্রাম) কমিশনের ওপর হামলায় রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
গতকাল সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। এর আগে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজকদের প্রতিনিধি রাশেদ রাইন। গত ২৭ জুন খাগড়াছড়ির ৪ নম্বর দীঘিনালা ইউনিয়নের ৫১ নম্বর মৌজায় বিজিবি সদর দপ্তর নির্মাণ ও আদিবাসী পরিবার উচ্ছেদের ঘটনায় সরেজমিনে পরিদর্শন শেষে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক কমিটি।
সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ বলেন, খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় ৫১ বিজিবি ক্যাম্প স্থাপন করতে গিয়ে দুটি আদিবাসী গ্রাম উচ্ছেদ করার ঘটনা অত্যন্ত অমানবিক। ওই ক্যাম্প স্থাপনের জন্য জনমত যাচাই করা হয়নি। এটি সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব ছিল।
সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, রাঙামাটিতে সিএইচটি কমিশনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।
দীঘিনালা পরিদর্শন দলের নেতা ও আদিবাসী গবেষক পাভেল পার্থ বলেন, ‘আমরা সরকারি নথি থেকে জেনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাবুছড়া ইউনিয়নে বিজিবি ক্যাম্প করার অনুমতি দিয়েছে, কিন্তু ক্যাম্প নির্মিত হচ্ছে দীঘিনালা ইউনিয়নে। আর সরেজমিনে গিয়ে দেখেছি, সেখানে ওই ক্যাম্প স্থাপনের জন্য উচ্ছেদ করা হয়েছে শশীমোহন ও যত্নমোহন কারবারীপাড়া নামের দুটি প্রাচীন আদিবাসী গ্রাম। সেখানকার ২১টি পরিবার এখন পাশের একটি স্কুলে আশ্রয় নিয়েছে।’
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, সিএইচটি কমিশনের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ওপর হামলার ঘটনাই প্রমাণ করে পাহাড়ে আদিবাসীদের অবস্থান কতটুকু নাজুক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।