‘সরকার সামরিক কায়দায় দেশ শাসন করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। সামরিক কায়দায় দেশ শাসন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পথে হাঁটছেন, সেটা গণতন্ত্রের পথ নয়, সেটা একনায়কতন্ত্র ও সংঘাতের পথ।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিও পালন করে বিএনপি। হরতাল-পরবর্তী নগরের নুর মোহাম্মদ সড়কে এক সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। এ ছাড়া হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল-সমাবেশ করেছেন। এদিকে এক বিবৃতিতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতারা।