কারও হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হলে তারা সেই ক্ষমতার অপব্যবহার করে। আর এমনটাই ঘটেছে কলেজছাত্র লিমনের ক্ষেত্রে। র্যাবের নিষ্ঠুরতায় লিমন আজ পঙ্গু। গতকাল শুক্রবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের একটি মঞ্চ ‘লিমনের জন্য, জীবনের জন্য’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। তাঁদের দাবি, ‘লিমনের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।’রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘লিমন: এরপর কে? এই বর্বরতার শেষ কোথায়’, ‘দোষী র্যাব কর্মকর্তাদের বিচার চাই’, ‘লিমন সন্ত্রাসী না, ঘটনার শিকার—ডিজি র্যাব, তার পরও মিথ্যা মামলা প্রত্যাহার নয় কেন’—এমন সব লেখাসংবলিত প্ল্যাকার্ড। মানববন্ধনে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন লিমনের ঘটনায় সরকারের করার কিছু নেই, আদালতই সব করবে। কিন্তু ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে নিজেদের নেতা-কর্মীদের মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করছে। সেগুলো তো আদালতে নিষ্পত্তি হচ্ছে না। লিমনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ‘সরকারকে ফিরিয়ে দিতে হবে লিমনের সম্ভাবনাময় জীবন।’ বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন ওমর বলেন, ‘ক্রসফায়ার আসলে ফায়ার। এতে দুই পক্ষের কোনো গুলি ছোড়ার ঘটনা ঘটে না। আজ পর্যন্ত পুলিশ বা র্যাবের একজন সদস্য ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে শুনিনি।’ মানববন্ধনে কবি বেলাল চৌধুরী, সাযযাদ কাদির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা, সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, লেখক অদিতি ফাল্গুনী প্রমুখ বক্তব্য দেন।সাহায্যের আবেদন: ঢাকার পঙ্গু হাসপাতালে মানুষের আর্থিক সহযোগিতায় লিমনের চিকিৎসা চলছে। চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিতে অনেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। সাহায্য পাঠাতে লিমনের মা মোসাম্মদ হেনোয়ারার (গংঃ. ঐবহড়ধৎধ) নামে ডাচ্-বাংলা ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। হিসাব নম্বর- ১৪৮.১০১.২৯১৫৭০।