'সরকারকে মানুষের কথা শুনতে হবে'
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন আদিবাসীরা। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি হয়। এসব কর্মসূচিতে নানা কথাও বলা হয়। কিন্তু কেউ শোনেন না। মানুষের কথা সরকারকে শুনতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে গতকাল বুধবার দুই দিনব্যাপী মানবাধিকার মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এই কথাসাহিত্যিক। তিনি বলেন, একজন নির্যাতিত মানুষ প্রতিবাদ জানাবে। তার পক্ষে আরও মানুষ কথা বলবে। সে কথাগুলো সরকারকে শুনতে হবে; ব্যবস্থা নিতে হবে। আর সরকার যদি ব্যবস্থা না নেয়, তবে নির্যাতন-জুলুম চলতে থাকবে। মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকেই শক্ত অবস্থান নিতে হবে।
আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা এ মেলার আয়োজন করেছে। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ‘আদিবাসী ও সংখ্যালঘু মানবাধিকার: বতর্মান বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।