‘সরকাররে কন ব্লক দিতো, নাইলে গুল্লি কইর্যা মাইর্যালাইতো’
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গুপ্তবাজার এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মেঘনার ভাঙনের মুখে। এই বিদ্যালয়ে পড়েছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। নদী থেকে মাত্র দু-তিন শ হাত দূরের স্কুলটি এই বর্ষায় আর রক্ষা পাবে না বলে আশঙ্কা করছেন স্কুলের সভাপতি মুন্সি ওবায়দুল্যাহ রতন।গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, শুকনো মৌসুমেও ভবানীপুর থেকে সৈয়দপুর আলীমউদ্দিন বাংলাবাজার পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার এলাকা একাধারে মেঘনা ভেঙেছে। এর মধ্যে সাড়ে চার কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত। স্থানীয় ব্যক্তিদের দাবি, গত তিন মাসে প্রায় আড়াই বর্গকিলোমিটার নদী ভেঙে লোকালয়ে ঢুকেছে। এ ছাড়া দৌলতখান উপজেলা শহর, সৈয়দপুর, ভবানীপুর, চরখলিফা ইউনিয়নও হুমকির মুখে।ভাঙনে ক্ষতিগ্রস্ত জেলে আবুল কাশেম বলেন, ‘সরকাররে কন ব্লক দিতো, নাইলে কন আমগোরে গুল্লি কইর্যা মাইর্যালাইতো।’স্থানীয় তালুকদার বাড়ির ছেলে জি এস ভুট্টু তালুকদার বলেন, গত কয়েক দিনে ইউনুস তালুকদার বাড়ি, অলিউল্যাহ হাওলাদার বাড়ি, মোফাজ্জল হোসেন হাওলাদার বাড়ি, মীর বাড়ি, ভূঁইয়া বাড়ি বিলীন হয়ে গেছে।দৌলতখান আবু আবদুল্যাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক স ম ফারুক বলেন, ‘গত বছর নভেম্বর মাসে অস্বাভাবিক জোয়ার, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে পুরো দৌলতখান ডুবে যায়। পানি উন্নয়ন বোর্ড ওই বাঁধ গত এক বছরেও সংস্কার করেনি। বাঁধ সংস্কার ও ব্লক ফেলার জন্য আমরা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো কাজে আসেনি।’ভোলার প্রবীণ সাংবাদিক ও সৈয়দপুরবাসী আবু তাহের বলেন, উপজেলাটি বাঁচানোর জন্য সরকারের ভবানীপুর থেকে আলীমউদ্দিন পর্যন্ত ব্লক বাঁধ দেওয়া উচিত।ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজ আহম্মেদ বলেন, ‘দৌলতখানে ভাঙনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমরা দেখলাম, একসঙ্গে সাড়ে নয় কিলোমিটার ভাঙন এলাকায় ব্লক ফেলা দরকার। এ জন্য আমরা কারিগরি দলকে সার্ভে করার আবেদন করেছি। এ ছাড়া দৌলতখানবাসীকে বন্যা-জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচানোর জন্য গত ফেব্রুয়ারি মাসে সাড়ে চার কিলোমিটার বাঁধ সংস্কারকাজের কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার মো. শাহাবুদ্দিন কাজটি না করায় তাঁর ব্যাংক গ্যারান্টির পাঁচ লাখ ১০ হাজার টাকা বাতিল করে পুনরায় কার্যাদেশ দিয়েছি। আশা করি, শিগগিরই কাজ শেষ হবে।’