‘সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতিতে হাওরের উন্নয়ন ব্যাহত’
হাওর এলাকায় সরকারি কর্মকর্তারা অনুপস্থিত থাকেন। তাই হাওরের সার্বিক উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) কর্মস্থলে থাকতে পারলে অন্যরা থাকবেন না কেন? বিশেষ করে চিকিৎসকেরা দিনের পর দিন অনুপস্থিত থাকায় হাওরের দরিদ্র মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।গতকাল শনিবার কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় পপি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।মতবিনিময় সভায় হাওরের সমস্যা ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বেসরকারি সংস্থা পপি এ মতবিনিময় সভার আয়োজন করে। বক্তারা বলেন, কিশোরগঞ্জের চারটি উপজেলায় প্রায় দুই হাজার একর খাসজমি রয়েছে। তার মধ্যে ৮০ শতাংশ জমিই প্রভাবশালী ব্যক্তিদের দখলে। বাকি ২০ শতাংশ সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, হাওরের জলমহালগুলো প্রভাবশালী ব্যক্তিরা ইজারার নামে দখল করে নিয়েছেন। ফলে হাওরের হাজার হাজার জেলে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক নাসিরউদ্দিন ফারুকীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তন্ময় দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আজহার আলী মিয়া প্রমুখ।