‘সরকারি ক্রয়নীতি জানতে ও মানতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবাবদিহি ও জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহারের জন্য সরকার ক্রয়নীতি (পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর) প্রণয়ন করেছে। এটা এখন আইনের বাধ্যবাধকতা। তাই এটা সবাইকে জানতে হবে এবং মানতে হবে। ভালো করে জানা না থাকলে কাজের মান ভালো হবে না।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) উদ্যোগে গতকাল বুধবার জামালপুর সার্কিট হাউস মিলনায়তনে সরকারি ক্রয়-বিক্রয়সংক্রান্ত এক দিনের কর্মশালায় সরকারি কর্মকর্তারা এসব কথা বলেন।জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিপিটিইউয়ের পরিচালক মো. আলতাফ হোসেন ও যোগাযোগ পরামর্শক মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মৃণাল কান্তি দে, সদর উপজেলার ইউএনও আলমগীর হোসেন প্রমুখ। কর্মশালায় অংশ নেওয়া ঠিকাদারেরা বলেন, সরকারি ক্রয়ের একটি ‘স্ট্যান্ডার্ড রুল’ থাকা দরকার, যাতে একেকজন নিজস্ব স্বার্থে এটাকে ব্যবহার করতে না পারেন।টাঙ্গাইলে গত মঙ্গলবার আয়োজিত সরকারি ক্রয়-বিক্রয়সংক্রান্ত কর্মশালায় বক্তারা বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো সরকারি সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। তাই সরকারি উন্নয়নমূলক সব কর্মকাণ্ডে ‘সরকারি ক্রয় নীতিমালা’ নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় হলে ফৌজদারি আইনে বিচারের আওতায় আনতে হবে।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এতে সিপিটিইউয়ের পরিচালক মো. আলতাফ হোসেন, বিসিসিপির কর্মসূচি ব্যবস্থাপক মেহের আফরোজ, জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা বাদল হালদার, যোগাযোগ পরামর্শক শফিউল আলম প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ঠিকাদার, সাংবাদিক, সুশীল সমাজের ৬০ জন প্রতিনিধি অংশ নেন।