‘সরকারি গেজেটে’ মুক্তিযোদ্ধা তৈমুছ আলীর নাম নেই!
মৌলভীবাজার জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুছ আলীর নাম সরকারি গেজেটে স্থান পায়নি বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৯ সালের ২১ মার্চ সাপ্তাহিক মুক্তিবার্তা পত্রিকায় ‘স্মরণীয়-বরণীয় মুক্তিযোদ্ধা’ শিরোনামে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রকাশিত হয়। পত্রিকাটির ২৮ নম্বর পৃষ্ঠায় (মুক্তিযোদ্ধা নম্বর-০৭০০০০০৪০৬) তৈমুছ আলীর নাম প্রকাশিত হয়। কিন্তু ২০০৫ সালের ৩১ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ সরকারি গেজেটে তাঁর নাম উল্লেখ করা হয়নি।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মজম্মিল আলী বলেন, ‘মৌলভীবাজারে যে কজন মুক্তিযুদ্ধের সংগঠক আছেন, তাঁদের মধ্যে তৈমুছ আলী উল্লেখযোগ্য একজন। সরকারি গেজেটে তাঁর নাম নেই দেখে আমরাও অবাক হয়েছি। এ ব্যাপারে জেবলুকে (প্রয়াত তৈমুছ আলীর বড় ছেলের ডাক নাম) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কাগজপত্রসহ আবেদন করতে বলেছি।’তৈমুছ আলীর বড় ছেলে জুবের হাসান ওরফে জেবলু (৪৫) ক্ষোভের সঙ্গে বলেন, ‘আব্বা দেশের জন্য যুদ্ধ করেছেন। সে জন্য আমরা তাঁর সন্তান হিসেবে গর্ববোধ করি। এখন আবেদন করে তালিকায় তাঁর নাম তুলে কি লাভ হবে!’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা গতকাল সোমবার বলেন, ‘মুক্তিযুদ্ধে তৈমুছ আলীর অবদানের কথা শুনেছি। তাঁর নাম যাতে তালিকায় স্থান পায়, সে ব্যাপারে খোঁজ নিয়ে উদ্যোগ নেব।’