দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পানি, গ্যাস ও বিদ্যুতের অভাবে দেশের সাধারণ মানুষ হাহাকার করছে। এই অবস্থায় জনগণের কথা চিন্তা না করে সরকারি দলের মন্ত্রী ও সাংসদেরা লুটপাটে ব্যস্ত বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমুদ্দিন। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ এম নাজিমুদ্দিন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের অভাবে মানুষ হাহাকার করছে। দেশের মানুষের কথা চিন্তা না করে সরকারি দলের মন্ত্রী ও সাংসদেরা এখন লুটপাটে ব্যস্ত।প্রধান বক্তা শাহাদাৎ হোসেন বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামে নতুন করে গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। দেশে গ্যাসের উৎপাদন বাড়লেও চট্টগ্রামে গ্যাসের জন্য হাহাকার চলছেই। বিগত তিন বছরে চট্টগ্রামে ছোটবড় অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আবাসিক গ্যাস সংযোগ দিতেও সরকার ব্যর্থ হয়েছে।সভাপতির বক্তব্যে শামসুল আলম বলেন, ‘দেশে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। চট্টগ্রামে পানি শোধনাগার নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এ কারণে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলনেত্রী মনোয়ারা বেগম, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী প্রমুখ।