‘সরকারি মদদে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুদের খেপিয়ে তুলতে সরকারি মদদে হামলা হয়েছে বলে দাবি করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এই হামলার জন্য ১৮ দলীয় জোটের কেউ দায়ী নয়। এমনকি তাদের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন অলি আহমদ। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের চকবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক, এলডিপি নেতা কফিলউদ্দিন চৌধুরীসহ বিএনপি, জামায়াত এবং এলডিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।অলি আহমদ বলেন, হামলা-নির্যাতন বন্ধ না করলে আগামী জুলাইয়ের মধ্যে সরকারের পতন ঘটানো হবে। হরতাল-অবরোধ করে দক্ষিণ চট্টগ্রাম আবারও অচল করে দেওয়া হবে।সম্প্রতি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় ১৮ দলীয় জোট। সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ‘সরকার নির্বিচারে গুলি চালিয়ে এক দিনে ৭৭ জনকে খুন করে।’ এক মাসের ব্যবধানে নিহতের সংখ্যা ১৭০ জনে উন্নীত হয় বলে দাবি করেন অলি আহমদ।