'সরকারের অগোচরে গ্রিক দেবীর ভাস্কর্য স্থাপন ঠিক হয়নি'
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়ে যেমন মসজিদের সামনে ভাস্কর্য স্থাপন করা যায় না, তেমনি ঈদগাহের সামনেও ভাস্কর্য স্থাপন করা যায় না। সরকারকে সম্পূর্ণ অগোচরে রেখে জাতীয় ঈদগাহের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য স্থাপন করা ঠিক হয়নি।
বৃহস্পতিবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তিন নেতার মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগ ও যুক্তফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, কওমি মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে যাতে সেখানকার শিক্ষার্থীরা শিক্ষার মূলধারার সঙ্গে যুক্ত হতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী দীর্ঘ আট বছরের প্রক্রিয়া শেষে স্বীকৃতির ব্যবস্থা করেছেন।
বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, এ দেশের রাজনীতিকে দুর্বৃত্তায়ন এবং ‘বণিকায়ন’ করেছিলেন জিয়াউর রহমান। তাঁর স্ত্রী বিএনপির নেত্রী খালেদা জিয়া তাঁকেও ছাড়িয়ে গিয়ে রাজনীতিতে জঙ্গি, সন্ত্রাস এবং বোমারুদের অনুপ্রবেশ ঘটিয়েছেন। তারা আগামী নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে। যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের অবস্থা মুসলিম লীগ ও জাসদের মতো হবে। তিনি আরও বলেন, শেরে বাংলা ছিলেন মেহনতি মানুষের নেতা। তাঁর কোনো সম্পদ, প্রতিপত্তি ছিল না। মেহনতি মানুষের সেই রাজনীতিকে ড্রয়িং রুমের রাজনীতিতে, বিত্তশালী এবং বণিকদের রাজনীতিতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। সেই রাজনীতিকে আবারও ড্রয়িংরুম থেকে মেহনতি মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। আওয়ামী লীগ নেতা এম এ করিম, ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদ, জাতীয় গণতান্ত্রিক লীগ ও যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন।