‘সরকারের অবহেলায় অর্ধেক খামার মুরগিশূন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা ‘বার্ড ফ্ল’ু মোকাবিলায় সরকারের ‘অবহেলার’ কারণে গত দেড় বছরে প্রায় অর্ধেক খামার মুরগিশূন্য হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এই অভিযোগ করে। সংবাদ সম্মেলনে জাতীয় পরিষদের নেতারা বলেন, সোয়া এক লাখ খামারের মধ্যে ৫৪ হাজার খামারে এখন মুরগি নেই। দেশের পোলট্রিশিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। বহুজাতিক কোম্পানির হাতে তুলে দিয়ে এই শিল্পকে আমদানিনির্ভর করা হচ্ছে। বার্ড ফ্লুর আক্রমণ থেকে এ খাতকে টিকিয়ে রাখতে সরকারের যথাযথ উদ্যোগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন এ শিল্পের নেতারা। তাঁরা বলেন, চালু থাকা ৬০ হাজার ৮২৪টি খামারের অবস্থাও তেমন ভালো নয়। এই শিল্পের সঙ্গে যুক্ত ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অন্যদিকে এনিমেল হেলথ অর্গানাইজেশন থেকে বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করা হলেও সরকার ইতিমধ্যে আক্রান্ত দেশ ভারত থেকে তা আমদানির অনুমতি দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসীন লিখিত বক্তব্যে পোলট্রিশিল্পকে বাঁচাতে আক্রান্ত হয়নি এমন দেশ থেকে বাচ্চা মুরগি আমদানির অনুমতি ও খামারিদের আর্থিক সহায়তা দিয়ে তা সরবরাহ করার আহ্বান জানান।খামারিরা বার্ড ফ্লুর প্রতিষেধক আমদানির অনুমতি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া দেশীয় বিজ্ঞানীদের সহায়তায় স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।