‘সরকারের কারণে সংসদ ও আদালত আজ মুখোমুখি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, এই সরকারের কারণে সংসদ ও আদালত আজ মুখোমুখি দাঁড়িয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র নিরাপদ নয়। এটি গণতন্ত্রের আকাশকে মেঘাচ্ছন্ন করেছে। ঢাকার ১১ জুনের মহাসমাবেশ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বক্তারা বলেন, একদিকে সরকার চোর, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ছেড়ে দিচ্ছে, অন্যদিকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করছে। এভাবে ক্ষমতায় থাকা যাবে না। গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ব্যারিস্টার রফিক বলেন, সরকার যেভাবে দেশে জেল-জুলুম ও লুটতরাজ চালাচ্ছে, এটা কোনো সভ্য দেশে হয় না। নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবির, বিএনপির কেন্দ্রীয় শ্রমিকবিষয়ক সহ-সম্পাদক এম নাজিম উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নেতা-কর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। মতবিনিময় সভা শুরু হওয়ার আগে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ সব নেতার মুক্তির দাবিতে মানববন্ধন করেন। সেখানেও রফিকুল ইসলাম মিয়াসহ অন্য নেতারা অংশ নেন। গতকালের মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পক্ষের কর্মী-সমর্থকেরা নিজ নিজ নেতাদের নামে স্লোগান দিচ্ছিলেন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁদের থামানোর চেষ্টা করেন। তিনি ব্যক্তির নামে স্লোগান দেওয়ার সমালোচনা করে বলেন, ‘যাঁরা অতি উৎসাহ দেখাচ্ছেন, তাঁরাই দলের ক্ষতি করছেন। এখানে কোনো ব্যক্তির ঘাঁটি নেই। কোনো ব্যক্তির নামে স্লোগান দিয়ে রাজনৈতিক ঐক্য নষ্ট করবেন না। অনেক কষ্টের বিনিময়ে এই ঐক্য অর্জন করতে হয়েছে। তাই এখানে খালেদা জিয়ার ঘাঁটি ছাড়া আর কোনো নেতার ঘাঁটি নেই। তাঁর নেতৃত্বেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে এবং সরকারকে উৎখাত করা হবে।’ মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, গুম, হত্যা ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবেই। ঢাকার সমাবেশে চট্টগ্রাম থেকে নেতা-কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।হাতাহাতি: সভা শেষে নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অনুসারীদের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হন। পরে সেখানে পুলিশ ও অন্যান্য দলীয় নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।