‘সরকারের কি ট্যাকার অবাব পইড়া গেচে’
‘সারা বছর বইরা নদী থাইকা মাটি কাইটা আমাগো সর্বস্বান্ত করাবার খাড়াইচে। সরকারের কী ট্যাকার অবাব পইড়া গেচে যে মাটি বেইচা ট্যাকা জোগাড় করতে অইব। পাবলিকের সুক-দুকের কতা কী একটুও বাবব না।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন ঢাকার ধামরাই উপজেলার বংশী নদীর তীরবর্তী দেপশাই গ্রামের বাসিন্দা নিতাই রাজবংশীর স্ত্রী শান্ত রাজবংশী। তাঁর মতো আরও অনেকের অভিযোগ, চার বছরেরও বেশি সময় ধরে বংশী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এর প্রভাবে নদীর উভয় তীরে ভাঙন শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনসহ কয়েকবার মানববন্ধনও করেছে। কিন্তু এর পরও প্রশাসন বছর বছর নদীটি ইজারা দিয়ে যাচ্ছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বংশী নদীর কান্দিকুল, দেপশাই ও ভালুম-নরসিংহপুর বালুমহাল ইজারা দেওয়ার জন্য গত ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। আগামী ১ বৈশাখ থেকে এক বছরের জন্য এই তিনটি মহালের সম্ভাব্য দাম ধরা হয়েছে মাত্র ৩৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।সম্প্রতি বংশী নদীর দেপশাই ও ভালুম-নরসিংহপুর মহালে গিয়ে বড় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখা গেছে। নদীর যে অংশে বালু উত্তোলন করা হচ্ছে, সেখানে উভয় তীরে ব্যাপক ভাঙনের দৃশ্যও চোখে পড়ে। দেপশাই গ্রামের সুমন্ত রাজবংশী বলেন, ক্রমাগত বালু উত্তোলনে আগামী কয়েক মাসের মধ্যে এলাকার অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমান বলেন, বংশীর তিনটি মহাল থেকে বালু উত্তোলনের কারণে লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনসাধারণের কথা চিন্তা করেই বালুমহালগুলোর ইজারা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীন বলেন, ইতিমধ্যে দেপশাই বালুমহালের ইজারা বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। বাকি বালুমহালগুলোও যাতে ইজারা না দেওয়া হয়, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।