‘সরকারের চাঁদাবাজিতে অর্থনৈতিক অব্যবস্থাপনা দেখা দিতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের চাঁদাবাজির কারণে দেশে অর্থনৈতিক অব্যবস্থাপনা দেখা দিতে পারে। এতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এটা আইনের শাসনকে অবজ্ঞা ছাড়া আর কিছুই নয়। এ ছাড়া বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব ও নির্ধারিত অর্থায়ন থেকে রাজনৈতিক এবং সরকারি প্রভাব খাটিয়ে পদ্মা সেতুর জন্য টাকা নেওয়া অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে।পদ্মা সেতু নিয়ে সরকারের দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করে।গতকালের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। আর অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।