'সরকারের দমননীতি উগ্রপন্থা উসকে দিচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের ‘দমন–পীড়ন নীতি’ বিরোধী রাজনৈতিক দল ও উগ্রপন্থী সংগঠনগুলোকে সহিংসতার দিকে উসকে দিচ্ছে বলে মনে করে ব্রাসেলসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। একই সঙ্গে অতিমাত্রায় ‘রাজনৈতিক মেরুকরণ’ ও ‘অকার্যকর ফৌজদারি বিচারব্যবস্থা’ আইনের শাসনকেও দুর্বল করে দিচ্ছে। আর এতে গণতান্ত্রিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে। 

আজ সোমবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ‘বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্ব, উগ্রপন্থা ও ফৌজদারি বিচার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনেই বাংলাদেশ সম্পর্কে সংস্থাটি এসব কথা বলেছে।
প্রতিবেদনে সংস্থাটি বলেছে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘ বিরোধিতার কারণে দেশটিতে সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে তা বর্বর রাষ্ট্রে পরিণত হচ্ছে। দেশে এখন বিরোধী মতের কঠোর সমালোচনা ও নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও ঘটছে। পুলিশকে বিরোধীদলীয় নেতাদের দমনে ব্যবহার করা হচ্ছে। মানবাধিকারকর্মীরা এখন উগ্রপন্থীদের হুমকির মুখে রয়েছেন। এতে করে বিরোধী দল ও উগ্রপন্থী সংগঠনগুলো উসকে উঠছে। তারা ২০১৫ সালে অসাম্প্রদায়িক ব্লগার, বিদেশি এবং ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করছে। এসব ঘটনায় উগ্রপন্থীদের কাউকে কাউকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হলেও তাতে ‘স্বচ্ছতার’ নীতি অনুসরণ করা হয়নি। আর এ কারণেই উগ্রপন্থীরা আবারও এসব ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্থাপন করে ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দমন-পীড়ন এবং বিচারব্যবস্থার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে। ফৌজদারি বিচারব্যবস্থাকে সংস্কার করতে হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়ন ঘটাতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ২০১৫ সালে বিএনপি-জামায়াতে ইসলামী জোট সহিংস আন্দোলন করেছিল। তবে পরে বিএনপির মূলধারার রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্তে সরকারের সংলাপে যাওয়ার একটি সুযোগ ছিল। এতে সহিংসতা কমে যেত।
প্রতিবেদনে সরকার, বিরোধী দল ও বিচারব্যবস্থার প্রতি বেশ কিছু সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এগুলোর উল্লেখযোগ্য কয়েকটি হলো—বিএনপির মূলধারার রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত ভেবে সরকারের সংলাপে যাওয়া উচিত, এতে সহিংসতা কমে যাবে। বিরোধী দলকে সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে বিরোধী মত তুলে ধরতে হবে। বিচারব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে আসতে হবে। মুক্তমতের প্রতি সম্মান থাকতে হবে। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকদের ওপর থেকে সব ধরনের মিথ্যা মামলা সরকারকে প্রত্যাহার করে নিতে হবে।