‘সরকারের দুঃসাহসের পরিণতি হবে ভয়াবহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দিশেহারা হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তাঁদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি করেছে। সরকারের এই দুঃসাহসের পরিণতি ভয়াবহ হবে। হরতাল কর্মসূচি চলাকালীন দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নগর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন ও মাহবুবুর রহমান। সমাবেশে আমীর খসরু বলেন, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। শুধু প্রশাসনকে ব্যবহার করে এই সরকার ক্ষমতায় টিকে আছে। জনগণ রাস্তায় নেমেছে। প্রশাসন দিয়ে সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। নিপীড়ন-নির্যাতন, মামলা-হামলা করে সরকার টিকে থাকতে পারবে না। কোনো শক্তি বর্তমান সরকারের পতন ঠেকাতে পারবে না। সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, সরকার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে নিজেদের পতন ত্বরান্বিত করেছে। সাবেক সাংসদ রোজী কবির বলেন, দেশের সব সমস্যার সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। জনগণ সরকারকে পদত্যাগে বাধ্য করবে।