টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত
‘সরকারের নীরব ভূমিকায় মানুষ উৎকণ্ঠায় দিন যাপন করছে’
‘বাংলাদেশ নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ। ভারত সরকার আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করতে সিলেটসহ দেশের বিরাট কৃষি অঞ্চলকে মরুভূমি করতে টিপাইমুখ বাঁধ নির্মাণ চুক্তি সম্পাদন করছে। এ অবস্থায় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সরকারের নীরব ভূমিকায় মানুষ উৎকণ্ঠায় দিন যাপন করছে।’সিলেটের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালিজ বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (বিআইবিডব্লিউএফ) নেতারা এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানান।টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের চুক্তির প্রতিবাদে সিলেটে গতকাল বুধবারও বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সমাবেশ করেছে। দুপুরে নগরের কোর্ট পয়েন্টে ‘নাগরিক অধিকার সংরক্ষণ’ কমিটি মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সংগঠনের আহ্বায়ক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বক্তব্য দেন।বিকেলে সুরমা নদীতে নৌকায় চড়ে মানববন্ধন করেছে সামজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’। টিপাইমুখে বাঁধ হলে সবার আগে নদীগুলোর প্রকৃতি পরিবর্তন হবে—এ সচেতনতায় বিকেল তিনটা থেকে আধা ঘণ্টাব্যাপী নৌকায় মানববন্ধনে সংগঠনের সদস্যরা টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন চলাকালে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান, বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলের দিদার ইবনে তাহের লস্কর, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল বিকেলে সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলপূর্ব সমাবেশ বক্তারা টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে আগামী ১৯ ডিসেম্বর সিলেটে মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।