‘সরকারের বিকৃত ব্যাখ্যায় বিবৃতি দিতে বাধ্য হয় বিশ্বব্যাংক’
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বিকৃত ব্যাখ্যা দিয়েছেন। আর তাতে ক্ষুব্ধ হয়ে বিশ্বব্যাংক বিবৃতি দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের এ ধরনের বিবৃতিতে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।পদ্মা সেতুর বিষয়ে গত বুধবার বিশ্বব্যাংকের দেওয়া বিবৃতিটি উদ্ধৃত করে তিনি বলেন, বিশ্বব্যাংক বলেছে, শর্ত পূরণ হলেই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন। অথচ আমাদের অর্থমন্ত্রী, সচিবেরা, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বিদেশে গিয়ে বলছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করতে রাজি হয়েছে।সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের এ ধরনের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি সরকার সচেতনভাবে জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে। একটি শপথগ্রহণকারী সরকারের পক্ষে এ রকম মিথ্যাচার নিঃসন্দেহে অসদাচরণ।’মির্জা ফখরুল বলেন, ‘পদ্মা সেতু নিয়ে সরকার প্রথম থেকেই মিথ্যার আশ্রয় নিয়েছে। এখন আবার মন্ত্রিদের কাছে শুনতে পাই, সরকারের যোগ্যতার কারণে নাকি বিশ্বব্যাংক ফিরে এসেছে। এখনো বিশ্বব্যাংক সরকারের ওপর পুরো আস্থা রাখতে পারেনি।’