'সরকারের বোধোদয় হয়েছে অনেক পরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, সরকার চাইলে কূটনৈতিক তৎপরতায় অনেক আগেই রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে পারত। সরকারের বোধোদয় হয়েছে অনেক পরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা বিএনপির প্রতিনিধিদলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস দাবি করেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকলে রোহিঙ্গা পরিস্থিতি অনেক আগেই নিয়ন্ত্রণ করা যেত। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতনের ঘটনার প্রতিবাদে শুরু থেকেই তাঁর দল সোচ্চার ছিল। তিনি বলেন, খালেদা জিয়ার আমলেও কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো গিয়েছিল। তারপর আর কোনো সরকার এই কার্যক্রম এগিয়ে নিতে পারেনি।

বিএনপির প্রতিনিধিদলটি আজ বুধবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে সরকারের সহযোগিতা চেয়ে মির্জা আব্বাস বলেন, তাঁরা ত্রাণ দিতে এসেছেন, রাজনীতি করতে আসেননি।