'সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না'

বিতর্কিত কাজ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, পাকিস্তান সামরিক জান্তারা তাঁকে হত্যা করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে, বাঙালির হাতেই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু নিহত হয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রের কারণেই তাকে হত্যার শিকার হতে হয়।
বঙ্গবন্ধুর তৎকালীন রাজনৈতিক সচিব তোফায়েল বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন। জিয়াই প্রথমে রাজাকারদের পুনর্বাসন করেন। আর তাঁর হাত ধরেই বিএনপির নেত্রী খালেদা জিয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন। তিনি (খালেদা) মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন জামায়াতের শক্তির ওপর ভর করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছেন। খালেদা জিয়া রাজাকার নিজামী-মুজাহিদের হাতে পতাকা দিয়ে আমাদের হাতকড়া পরিয়েছিলেন। বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করতে এখনো একাত্তরের পরাজিত শক্তি তৎপর। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’
আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যায় জিয়াউর রহমানই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছিলেন। আর এ থেকেই প্রমাণিত হয় বঙ্গবন্ধুর হত্যার পেছনে জিয়ারও ষড়যন্ত্র ছিল।’
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সংগঠনের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ।