'সরকারের মিথ্যা বলার সুযোগ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী বলেছেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতার কারণে সরকারের আর মিথ্যা বলার সুযোগ নেই। তথ্য গোপন করারও সুযোগ নেই। এ সুযোগ কমে এসেছে। 

আজ সোমবার রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শামীম চৌধুরী এসব কথা বলেন। রাজশাহী আঞ্চলিক তথ্য কার্যালয়ের উদ্যোগে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই সংবাদ সঠিক না হলে সরকারের সিদ্ধান্ত সঠিক হয় না। সরকার সাংবাদিকদের চোখে জনগণের ভোগান্তির চিত্র দেখে। সাংবাদিকদের বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়। তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যেকোনো তথ্য সরকারের কাছে পৌঁছাতে হবে।
সভায় রাজশাহীর সাংবাদিকেরা প্রধান তথ্য কর্মকর্তার কাছে তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা রাজশাহীর সাংবাদিকদের উন্নয়নে তথ্য কর্মকর্তার কাছে বিভিন্ন দাবিও তুলে ধরেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।