'সরকারের সঙ্গে কাজ করতে সমস্যা নেই জাপানের'

গত ৫ জানুয়ারির নির্বাচন কোনো রকম ‘আইনি ত্রুটি ছাড়া’ সংবিধানসম্মত উপায়ে অনুষ্ঠিত হওয়ায় বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না জাপানের। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল বুধবার এ মন্তব্য করেন। এদিন সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ডিকাবের সভাপতি মাইনুল আলমের সঞ্চালনায় ‘ডিকাব টক’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার।
তখনকার প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুিষ্ঠত ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এ সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে জাপানের দৃষ্টিভঙ্গি কী জানতে চাইলে শিরো সাদোশিমা বলেন, ‘সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। জানুয়ারির শুরুতে যে নির্বাচন হয়েছে, তা সংবিধানসম্মত ছিল। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, নির্বাচনে কোনো আইনগত ত্রুটি ছিল না।’
তবে জাপানের কূটনীতিক উল্লেখ করেন, বিএনপি ও তার মিত্রদের বর্জনে অনুষ্ঠিত ‘একতরফা’ নির্বাচন নিয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। এ প্রসঙ্গে শিরো সাদোশিমা বলেন, ‘আমরা সবাই জানি, এ দেশের মানুষ নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রকাশ করতে চান। সব রাজনৈতিক দলকে এটা অবশ্যই ভেবে দেখতে হবে, কেন তারা জনগণকে ভোটাধিকার চর্চার সুযোগ থেকে বঞ্চিত করল।’ পাশাপাশি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক গুম, খুনের ব্যাপারে উদ্বেগ জানান ঢাকায় জাপানের শীর্ষ কূটনীতিক।
প্রসঙ্গত, ৫ জানুয়ারির নির্বাচনের পর জনগণের ভোটাধিকার চর্চার বিষয়টি নিশ্চিত করতে অবিলম্বে জোরালো প্রয়াস চালাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল জাপান।
রাষ্ট্রদূত সাদোশিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরের বিষয়েও কথা বলেন৷ তিনি বলেন, শেখ হাসিনার ২৫ থেকে ২৮ মের এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক একটি ‘নতুন পর্যায়ে’ উন্নীত হবে। এ সফরে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলোচনা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় সন্তুষ্টি জানিয়ে শিরো সাদোশিমা বলেন, এটা খুব আনন্দের যে, রাজপথে সহিংসতা হচ্ছে না। বাসে কেউ আগুন দিচ্ছে না। জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা বিপুল সংখ্যায় এ দেশে আসতে শুরু করেছেন। তাঁরা বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছেন।
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, গত বছর বাংলাদেশের সহিংসতার সময়েও জাপানের ব্যবসায়ীরা অপ্রত্যাশিতভাবে ভালো ব্যবসা করেছেন।
চীনের মেজর িব্রজ কনস্ট্রাকশন কোম্পানিকে পদ্মা সেতু নির্মাণের কাজ দিচ্ছে সরকার। এ প্রেক্ষাপটে জাপান বাংলাদেশের সর্ববৃহৎ সেতুতে অর্থায়ন করবে কি না জানতে চাইলে শিরো সাদোশিমা বলেন, এ নিয়ে জাপানের অবস্থানের পরিবর্তন হয়নি। বিশ্ব ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে না এলে পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলে জানিয়েছিল জাপান৷