'সরকারের সঙ্গে শেয়ারবাজারের সম্পৃক্ততা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে লাভ করলে সেটা নিজের আর ক্ষতি হলে তার দায় সরকারের। সবার মধ্যে এই মানসিকতা। যদিও শেয়ারবাজারের সঙ্গে সরকারের তেমন কোনো সম্পৃক্ততা নেই। অনেকে নিয়মকানুন না মেনে শেয়ারবাজারে বিনিয়োগ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০০৯ সালের আগে শেয়ারবাজারের যেসব আইনকানুন ও বিধিবিধান ছিল, সেগুলো খুবই দুষ্টু। এ কারণে ২০১০ সালে শেয়ারবাজারে বড় ধস নামে। এই ধরনের বড় ধস খারাপ, এ কথা স্বীকার করতেই হবে। তবে আইনকানুন ও বিধিবিধানের সংস্কারের ফলে গত দুই বছর ধরে শেয়ারবাজার পরিপূর্ণ (কমপ্লিটলি) স্থিতিশীল।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিজস্ব ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এসব কথা বলেন। গতকাল রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আগারগাঁওয়ে নিমির্তব্য এই ভবনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘২০১০ সালে শেয়ারবাজার ধসের পর অনেকে আমাকে তুলাধুনা করেছেন। অনেকে আমার পদত্যাগের দাবি তুলেছিলেন। সে সময় বলেছিলাম, আমি যার তার কথায় পদত্যাগ করি না। নিজের ইচ্ছা আর প্রধানমন্ত্রীর হুকুমে আমি পদত্যাগ করব।’ বিভিন্ন ইস্যুতে কয়েকবার প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগের প্রস্তাব করেছিলেন বলেও অর্থমন্ত্রী জানান। এ সময় প্রধানমন্ত্রী তাঁর ওপর আস্থা রেখে নানা পরামর্শ দিয়ে ধৈর্য ধারণ করতে বলেছেন বলেও মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (অর্থমন্ত্রী) আমলা থেকে রাজনীতিবিদ হয়েছেন। তাই সমালোচনা সহ্য করতে না পেরে মাঝেমধ্যে উনি আবেগতাড়িত (সেন্টিমেন্টাল) হয়ে পড়তেন। আমি তাঁকে ধৈর্য ধারণ করতে বলতাম।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি রাজনৈতিক পরিবার থেকে এসেছি। তাই সমালোচনা সহ্য করার ক্ষমতা আমার আছে। কারও কথা শুনে গুটিয়ে যাওয়ার স্বভাব আমার নেই। মধ্যরাতে টকশোতে টক টক কথা যাঁরা বলেন, তাঁদের সবাইকে আমি চিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ছয় ঋতুর দেশ এই বাংলাদেশ। দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয়। আর এ দেশের মানুষও দুই মাস পর কথা ভুলে যায়। এ সময় তিনি সমালোচক ও সংবাদমাধ্যমের সমালোচনা করতে গিয়ে বলেন, দেশে প্রায় ৩৩৫টি সংবাদপত্র আছে। তারা যখন খবরের কিছু পায় না, তখন নিজেরা মনের মাধুরী মিশিয়ে খবর তৈরি করে।