ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পাঁচ বছর পরও উপকূলের উপদ্রুত এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। এর জন্য সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন পানি ও স্যানিটেশন বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আইলাদুর্গত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের বর্তমান অবস্থা এবং স্থানীয় জনস্বাস্থ্যের ওপরে এর প্রভাব বিষয়ে এক সংলাপে এ অভিযোগ তোলা হয়। রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মিলনায়তনে গতকাল রোববার এই সংলাপের আয়োজন করে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস)।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ হারুন চৌধুরী। তিনি বলেন, আইলায় ভেঙে যাওয়া অনেক বেড়িবাঁধ এখনো মেরামত করা হয়নি। লোনা পানি জমিতে ঢুকিয়ে চিংড়ি চাষ করা না-করার আইন রয়েছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন নেই। কপোতাক্ষসহ বিভিন্ন নদীর পানি আটকে রেখে অবাধে জমিতে লোনা পানি ঢোকানো হচ্ছে।
আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, ২০০৯ সালের আইলা-পরবর্তী সময়ে প্রায় ৪৫ হাজার মানুষ আশপাশের শহরে চলে গেছে। দূরের শহরে অভিবাসন করেছে প্রায় ১৫ হাজার। আইলাদুর্গত অঞ্চল থেকে শহরাঞ্চলে অভিবাসন এখনো অব্যাহত আছে।
সংলাপে আলোচকেরা দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশনব্যবস্থাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।