'সরদার ফজলুল করিম দর্শন পদক' পেলেন রমেন্দ্রনাথ ঘোষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ও দার্শনিক রমেন্দ্রনাথ ঘোষকে ‘সরদার ফজলুল করিম দর্শন পদক ২০১৫’-এ ভূষিত করা হয়েছে। দর্শনশাস্ত্রে ‘ভারতীয় দর্শন’ ও ‘রমেন্দ্রনাথ ঘোষ দার্শনিক প্রবন্ধাবলি’র জন্য ‘বাঙলার পাঠশালা’ সংগঠন এ পুরস্কার দেয়।
গতকাল বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পদক দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। রমেন্দ্রনাথ ঘোষের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর সহধর্মিণী ছন্দা ঘোষ। এ ছাড়া বাংলাদেশের দর্শনশাস্ত্রে অবদানের জন্য অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে দর্শন সম্মাননা প্রদান করা হয়।
সরদার ফজলুল করিম দর্শন পদক-২০১৫ প্রদানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎকুমার সাহার নেতৃত্বে আট সদস্যদের কমিটি রমেন্দ্রনাথ ঘোষকে এ পদকের জন্য মনোনীত করে। পদকের সম্মানী হিসেবে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, অধ্যাপক সনৎকুমার সাহা তাঁদের বক্তব্যে রমেন্দ্রনাথ ঘোষের স্মৃতিচারণা করেন।
এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহিদ ইকবাল, দার্শনিক সরদার ফজলুল করিমের ডায়েরি সমন্বয়ক মার্জিয়া লিপি প্রমুখ।