'সরবরাহ-সংকটের জেরে নেপাল-বাংলাদেশ চুক্তি বিলম্বিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও নেপালের মধ্যে পরস্পরের পণ্যের সহজ প্রবেশাধিকারবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর নেপালে চলমান পণ্য সরবরাহ-সংকটের জন্য বিলম্বিত হচ্ছে। নেপাল ও ভারতের মধ্যে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ার সংকটের কারণে হিমালয়ের স্থলবেষ্টিত দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশে আসতে পারছেন না। খবর কাঠমান্ডু পোস্টের।
দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী বাংলাদেশ নেপালের ১০৮টি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে। বেশির ভাগই কৃষিপণ্য। অন্যদিকে নেপাল ১৫৩টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে। নেপাল বাংলাদেশের ৫০টি পণ্যকে সুবিধা দিতে চেয়েছে। বাংলাদেশের চাওয়া ৬৪টি পণ্য।
নেপালের বাণিজ্য ও সরবরাহবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জীব রাজ কৈরালা বলেন, ‘অক্টোবরের মাঝামাঝি সচিব পর্যায়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু নেপালের প্রতিনিধিদল বাংলাদেশে যেতে পারেনি। এ সফরের জন্য সময় ধার্য করা যায়নি। কারণ, আমাদের পুরো ব্যবস্থাপনা কর্তৃপক্ষই দেশে পণ্য সরবরাহব্যবস্থা নিয়ে ব্যস্ত।’
নেপালের নতুন সংবিধান গ্রহণ নিয়ে দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। এর বিরোধী সংখ্যালঘু মদেশীয়রা ভারতের সীমান্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অবরোধ ও বিক্ষোভ করছে। ফলে আমদানির জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল নেপালে গুরুতর সরবরাহ-সংকট দেখা দিয়েছে। নেপালের রাজনীতিকেরা ভারতের বিরুদ্ধে অনানুষ্ঠানিক অবরোধ আরোপের অভিযোগ করেছেন।