'সরষে ভূতের' তথ্য জানা নেই পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে পণ্য পরিবহনে চাঁদাবাজি হয়। গাড়ির চালকদের অভিযোগ, পুলিশের চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। অথচ কাগজে-কলমে পুলিশের চাঁদাবাজির বড় কোনো তথ্য খোদ পুলিশই খুঁজে পায়নি।

ঢাকা হাইওয়ে রেঞ্জ, খুলনা, চট্টগ্রাম ও রংপুর রেঞ্জ এবং চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তর বড় ধরনের চাঁদাবাজির তথ্য না পাওয়ার এ কথা জানিয়েছে। মহাসড়কে পণ্য পরিবহনে চাঁদাবাজি রোধে গত ২৮ জুলাই হাইকোর্টের নির্দেশনা অনুসারে পুলিশের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই প্রতিবেদন পাঠানো হয়েছে।

সামান্য কিছু চাঁদাবাজির যেসব তথ্য প্রতিবেদনে রয়েছে, তা হলো পুলিশের রাজশাহী রেঞ্জ বলছে, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে বগুড়া জেলায় তিনজন ও সিরাজগঞ্জ জেলায় দুজনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ বলছে, সীতাকুণ্ড থানার বড় দারোগারহাটে যে ওজন পরিমাপক মেশিন রয়েছে, সেখানে অতিরিক্ত ওজন বহনকারী পণ্যবাহী ট্রাক-যানবাহন থেকে অর্থ আদায়ের তথ্য পাওয়া যায়।

পুলিশের ঢাকা রেঞ্জ বলছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাটিয়াপাড়া মোড়ে চাঁদাবাজি-সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শকসহ অন্য ট্রাফিক পুলিশ সদস্যদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৭ জুলাই ‘পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি’ এবং ‘পথে পথে চাঁদাবাজি’ শিরোনামে প্রথম আলোতে দুটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন বিবেচনায় নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় গত শনিবার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট পণ্য পরিবহনসহ সব ধরনের চাঁদাবাজি বন্ধে নেওয়া পদক্ষেপ ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছিলেন। এ অনুসারে আইজিপি গত ১ আগস্ট প্রতিবেদন পাঠালে ওই দিনই তা হলফনামা করা হয়। আজ বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।

ঢাকা হাইওয়ে রেঞ্জের ডিআইজি মো. আছাদুজ্জামান মিয়ার ৩০ জুলাই স্বাক্ষর করা প্রতিবেদনে বলা হয়, মহাসড়কে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের চাঁদা গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা সংগঠন মহাসড়কে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাইওয়ে পুলিশের থানা ও ফাঁড়ির স্বল্পতা, জনবল ও টহল গাড়ির ব্যাপক স্বল্পতা এবং হাইওয়ে পুলিশের থানা বা ফাঁড়িগুলোর দূরত্বের কারণে এককভাবে মহাসড়কে দায়িত্ব পালন সম্ভব নয়। এ কারণে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করে। হাইওয়ে পুলিশের থানাগুলোতে মামলা করা হয় না। সড়ক দুর্ঘটনার মামলা ছাড়া অন্য কোনো মামলা তদন্তের ক্ষমতাও হাইওয়ে পুলিশের নেই। ফলে স্থানীয় থানার পুলিশের ওপর অনেকটা নির্ভরশীল হতে হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলামের স্বাক্ষর করা প্রতিবেদনে ১২টি পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন জিরো পয়েন্ট গোলচত্বর এলাকায় সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপাররা ছদ্মবেশে পণ্যবাহী গাড়ির চালকদের পাশে বসে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালান। পরিবহন মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজদের তালিকা সংগ্রহ করে গ্রেপ্তারের লক্ষ্যে সাদাপোশাকে পুলিশি অভিযানও চলছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষে পাঠানো প্রতিবেদনে বলা হয়, থানার পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের কোনো সদস্য পণ্যবাহী ট্রাক বা যানবাহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত কি না, তা সরেজমিনে দেখার জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সাদাপোশাকের টিম ২৯ জুলাই চট্টগ্রাম, কমিল্লা ও ফেনী মহাসড়কে গোপন অনুসন্ধান পরিচালনা করে। এ সময় চাঁদা আদায়ের সঙ্গে থানার পুলিশ, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

ঢাকা রেঞ্জের পাঠানো প্রতিবেদনে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি রোধে ছয়টি পদক্ষেপের কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মহাসড়কে চাঁদাবাজি রোধে ঢাকা রেঞ্জ অফিস থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ দল গঠন করা হয়। চাঁদাবাজি বা কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে ওই পর্যবেক্ষণ দলকে অবহিত করতে বলা হয়েছে।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহমদের পাঠানো প্রতিবেদনে বলা হয়, খুলনা রেঞ্জের অধীন জেলাগুলোর সড়ক ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজি-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। চাঁদাবাজি রোধে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার এবং সাদাপোশাকে পুলিশ মোতায়ন করা হয়েছে।

রংপুর রেঞ্জের ডিআইজি মো. ইকবাল বাহারের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশসহ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে, সে জন্য সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজির ৩০ জুলাই স্বাক্ষর করা চিঠিতেও বলা হয়েছে কোনো পুলিশের চাঁদাবাজির সংবাদ পাওয়া যায়নি। একইভাবে চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম মহানগর এলাকায় পুলিশের চাঁদাবাজি এবং পথে পথে চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটেনি।