'সরষের মধ্যেই ভূত!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে সহিংসতার যে আগুনের সূত্রপাত ঘটেছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে, সে জন্য ঘুরেফিরে স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে ভুক্তভোগীরা। পদাধিকার বলে স্থানীয় প্রশাসনের প্রধান হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ভুক্তভোগীদের অভিযোগ, ইউএনও শাব্বির ইকবাল বাঁশখালীর আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে বারবার নাশকতার ঘটনা ঘটছে।
শাব্বির ইকবালের গ্রামের বাড়ি বাঁশখালীর দক্ষিণে পাশের পেকুয়া উপজেলায়। ‘জামায়াত-সমর্থিত আওয়ামী লীগ’ ছাড়াও বিরোধী জোটের স্থানীয় নেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়। ২০১১ সালের সেপ্টেম্বরে তাঁকে বাঁশখালীতে ইউএনও করে পাঠানো হয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গতকাল রোববার বিকেলে শাব্বির ইকবালকে বদলি করে জনপ্রশাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ফেনীর পরশুরাম উপজেলার ইউএনও আরিফ আহমেদ খানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। আজ সোমবারের মধ্যে এ আদেশ কার্যকর করা হবে।
সরেজমিনে ভুক্তভোগীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ চাম্বল বাজারে দেলাওয়ার হোসাইন সাঈদীর ব্যানার নামানোর ঘটনার জের ধরে বাঁশখালীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। তখন পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এর পরই স্থানীয় প্রশাসনের সতর্ক থাকার দরকার ছিল, যেটা করা হয়নি। বরং প্রশাসনের কর্মকাণ্ড জামায়াত-শিবিরের উচ্ছৃঙ্খল কর্মীদের উৎসাহিত করেছে বলে অনেক ভুক্তভোগীর অভিযোগ। তাঁদের প্রশ্ন, ‘সরষের মধ্যে ভূত থাকলে সেই ভূত কে তাড়াবে?’
বাঁশখালীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ইতিপূর্বে একবার শাব্বির ইকবালের বদলির আদেশও হয়। কিন্তু তাঁর বদলি ঠেকানোর জন্য জনপ্রতিনিধিদের ব্যানারে একদল লোক বাঁশখালী থেকে গত ২৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে স্মারকলিপি দেন, যেখানে জামায়াতের অনেক জনপ্রতিনিধি ছিলেন। আরও ছিলেন পূজা উদ্যাপন কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।
চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বাঁশখালী থেকে শাব্বির ইকবালকে বদলির আদেশ দেওয়া হয়েছিল। বাঁশখালী থেকে কিছু লোক এসে তাঁর বদলি ঠেকানোর জন্য আমার কাছে স্মারকলিপি দিয়েছিলেন।’
ইউএনও শাব্বির ইকবাল এ প্রসঙ্গে বলেন, ‘আমার একবার বদলির আদেশ হয়েছিল বলে শুনেছিলাম। কিন্তু লিখিত আদেশ হাতে পাওয়ার আগেই বাঁশখালীর ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান এবং পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তা ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। এরপর কী ঘটেছে সেটা তো দেখতে পারছেন।’
খোঁজ নিয়ে জানা যায়, বাঁশখালীর ১৫ জনপ্রতিনিধির মধ্যে ১২ জনই বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা। উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিও বাঁশখালীর দুটি ইউনিয়নের চেয়ারম্যান। তাঁদের তদবিরে ঠেকে গেছে ইউএনওর বদলির আদেশ। এমনটি মনে করছেন ভুক্তভোগীরা। তাই নাশকতাকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব ইউএনও শাব্বিরের হাতে বলে অনেকে মন্তব্য করেন।
সরেজমিন ঘুরে জানা গেছে, জামায়াতপন্থী আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও পূজা উদ্যাপন কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় নেতাদের সঙ্গে শাব্বির ইকবালের সুসম্পর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতিতে তিনি এসব লোকদের ঢাল হিসেবে ব্যবহার করে পার পাওয়ার চেষ্টা করেন। এ জন্য একজন মন্ত্রীও তাঁর পক্ষে সুপারিশ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগের একাংশের নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার গুণকীর্তন করেন। তিনি বলেন, ‘ইউএনও শাব্বির সাহেবকে অনেকে জামায়াত বলে চিহ্নিত করতে চায়। তিনি তো নামাজ পড়েন না। তাহলে জামায়াত সমর্থক কর্মকর্তা হলেন কীভাবে?’
একই সুরে কথা বললেন বাঁশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান। ওসি বলেন, ‘ইউএনও সাহেব শুক্রবারেও নামাজ পড়েন না বলে আমি শুনেছি। জামায়াতরা নামাজ-কালাম পড়েন।’
ইউএনও শাব্বিরের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তাঁর পরিবারের সবাই জামায়াতের সক্রিয় রাজনীতি করেন বলে জানা গেছে। তাঁর এক ভাই শামীম ইকবাল কক্সবাজারের মহেষখালী (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি।
ইউএনও শাব্বির ইকবাল দাবি করেন, ‘আমার ভাই শামীম ইকবালের সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই। তিনি (শামীম) রাজনীতি করেন কি না, সেটাও আমার জানা নেই।’