‘সরিষা চাষে লাভ বেশি’
শীতকালীন ফসল সরিষা। অল্প খরচে ৮০-১১০ দিনে ঘরে তোলা যায়। ভোজ্যতেলের চাহিদা পূরণে সরষের রয়েছে বিশাল চাহিদা। তার ওপর ধানের চেয়ে সরষে উৎপাদনের খরচ কম, লাভও বেশি। তাই সরষে চাষে ঝুঁকে পড়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চাষিরা।সম্প্রতি কলমাকান্দার হোগলা ইউনিয়নের সাত পাইকের ভিটা, কুঁতিগাঁও, বড় সালেঙ্গা, ছোট সালেঙ্গা, পাঠানপাড়া, মূলগাঁও, আৎকাপাড়া, কালাকোনাসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, অনেক কৃষক জমিতে কম-বেশি সরষে চাষ করেছেন। নিচু এলাকা হওয়ায় বর্ষাকালে সেখানে কোনো ফসল হয় না। অক্টোবর-নভেম্বর মাসের দিকে বিলের অপেক্ষাকৃত উঁচু জমির পানি কমলে লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চষে অল্প দিনের মধ্যে সরষের বীজ বপন করা যায়। ফলন তোলা যায় জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে।চাষিরা বলেন, সরষে চাষে সার ও হালচাষের খরচ ছাড়া তেমন কোনো খরচ নেই। আগাছা বাছতে হয় না। বিলের জমিতে সেচের তেমন দরকার হয় না। কাঠাপ্রতি সরষে পাওয়া যায় দেড় থেকে দুই মণ। চাষে কাঠাপ্রতি খরচ হয় ৫০০ থেকে এক হাজার টাকা। প্রতি মণ বিক্রি করা যায় আড়াই থেকে তিন হাজার টাকায়।সরষে চাষের পর জমিতে অন্য ফসল করতে কোনো অসুবিধা হয় না। বরং জমির উর্বরতা বাড়ে বলে কৃষকদের বিশ্বাস। কৃষকদের অভিযোগ, সরষে চাষে কৃষি কর্মকর্তারা তাঁদের কোনো উৎসাহ পরামর্শ দেন না। তাঁরা স্বপ্রণোদিত হয়ে ২০-২৫ বছর ধরে সরষে চাষ করে আসছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, পুরো জেলায় তিন হাজার ৪৮০ হেক্টর জমিতে সরষের চাষ হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ৩৮৬ হেক্টর জমি।কলমাকান্দার মৌতল গ্রামের কৃষক শাহিন খান (৪০) বলেন, ‘সরষে চাষে কাঠাপ্রতি লাভ থাকে দুই হাজার টাকা।’ বড় সালেঙ্গা গ্রামের মো. হাছেন আলী (৭০) এবার ১২ কাঠা জমিতে সরষে চাষ করেন। তিনি বলেন, ‘পাঁচ হাজার ট্যাহা খরচ অইছে। ধানের চেয়ে এতে বেশি লাভ থাকব।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক কাজী নূরুল ইসলাম বলেন, ‘গত বছরের তুলনায় সরষে আবাদ দেড় গুণ বেড়েছে। সরষের চাষ বাড়ানোর জন্য কৃষকের কাছে যাওয়ার জন্য মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে।’