বিপ্লবী সুভাষ চন্দ্র বসু সর্বভারতীয় রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি কখনোই ভারত-পাকিস্তান বিভক্তি মেনে নিতেন না। আর সাংস্কৃতিক দিক থেকে তিনি মনেপ্রাণে বাঙালি ছিলেন।গতকাল শুক্রবার পঞ্চম মিসবাহউদ্দিন খান স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্বাধীনতাপূর্ব ভারতের বিশিষ্ট এ জাতীয়তাবাদী নেতা সম্পর্কে এ কথা বলেন। রাজধানীর ধানমন্ডির উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডাব্লিউভিএ) মিলনায়তনে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্ট স্মারক বক্তৃতাটির আয়োজন করে। ‘সুভাষ চন্দ্র বসুর রাজনীতি ও জাতীয়তাবাদের সীমা’ শীর্ষক স্মারক বক্তৃতায় সিরাজুল ইসলাম চৌধুরী সুভাষ চন্দ্রের ঘটনাবহুল রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেভাবে পরিচালিত হয়েছে, তাতে সুভাষ বসুর চিন্তা-চেতনার অনেক মিল পাওয়া যায়। তিনি সামগ্রিক অভ্যুত্থানে বিশ্বাস করতেন। সবার একত্রে প্রতিরোধ গড়ে তোলা, ‘জয় বাংলা’ স্লোগান, প্রবাসী সরকার গঠন, বেতারের ব্যবহার ইত্যাদি বিষয়ে তিনি অনেক আগেই চিন্তা করে গেছেন।অধ্যাপক মিসবাহউদ্দিনের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মারক বক্তৃতায় আলোচকেরা মিসবাহউদ্দিন খানের স্মৃতিচারণা করেন। ছোট ভাই স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। মুক্তিযুদ্ধে তাঁর অসাধারণ ভূমিকা ছিল।...পরিবারের প্রতি ছিল গভীর মমতা। তিনি তাঁর আট ভাইবোন ও তিন ছেলেকে মানুষ করেছেন।’ মিসবাহউদ্দিন খানের আরেক ছোট ভাই অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিসবাহউদ্দিনের বড় ছেলে অধ্যাপক মুনতাসীর মামুন।