‘সর্বহারা’ সুভাষ আতঙ্কে সরিকলবাসী
বরিশাল উত্তর জনপদের মূর্তিমান আতঙ্ক, কথিত সর্বহারা নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সুভাষ হালদার অবশেষে ইউপি নির্বাচন করছেন। গৌরনদীর সরিকল ইউনিয়ন পরিষদ থেকে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। কাল রোববার ওই ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে। স্থানীয় লোকজন কালকের নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতার আশঙ্কা করছে। তাদের অভিযোগ, সুভাষের সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার নামে উল্টো ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।জানা গেছে, ভীতসন্ত্রস্ত এলাকাবাসী সরিকল ইউনিয়নের সব কটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণার দাবি জানিয়েছে। গত ৩০ মার্চ তারা প্রশাসনের কাছে র্যাবের ক্যাম্প স্থাপনসহ ১১টি দাবিসংবলিত একটি লিখিত আবেদন করেছে।লিখিত আবেদন ও স্থানীয় নির্বাচন কমিশন সূত্র জানায়, সরিকল ইউনিয়নের নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা গত ৭ মার্চ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও ফেরারি আসামি হওয়ার অভিযোগে সর্বহারা কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সুভাষ হালদারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ খবরে ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরে হাইকোর্টের রায়ে ওই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়। আদালতের রায়ে পূর্বনির্ধারিত ২৯ মার্চের ভোট গ্রহণের দিন পরিবর্তন করে ৩ এপ্রিল নির্ধারণ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়নের একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী ও ভোটাররা অভিযোগ করেন, সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিত সরিকল ইউনিয়নে অতীতে চারজন চেয়ারম্যান ও একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে হত্যা করা হয়েছে। ঘটেছে ভোট ডাকাতির মতো ঘটনা। সর্বহারা নেতা সুভাষ নির্বাচনে অংশ নেওয়ায় কাল রোববারের নির্বাচনেও দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা করা হচ্ছে। তাঁরা আরও অভিযোগ করেন, ইতিমধ্যে সুভাষের সমর্থকেরা রাতের আঁধারে নির্বাচনী এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তাঁদের পক্ষে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ আকন বলেন, সুভাষ হালদার এলাকার নিয়ন্ত্রণ নিতে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন। তিনি তাঁর দলভুক্ত করতে স্থানীয় লোকজনের ওপর চাপ সৃষ্টি করছেন। আবু হানিফ অভিযোগ করেন, সুভাষের সমর্থকেরা তাঁকে ও তাঁর ছোট ভাই হারুন আকনকে তাঁদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য একাধিকবার হুকুম করেছেন। রাজি না হওয়ায় তাঁদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।গৌরনদী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে পার্শ্ববর্তী উজিরপুর থানার ওসি) মো. নুরুল ইসলাম বলেন, প্রায় ৩০ বছর ধরে সর্বহারা নেতা সুভাষ হালদারের নাম বরিশাল পুলিশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত আছে। ১১ বছর ধরে তিনি আত্মগোপনে রয়েছেন এবং ছদ্মবেশে চলাফেরা করছেন।অভিযোগ প্রসঙ্গে সুভাষ হালদারের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সুভাষের ভাই পলাশ হালদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সুভাষ বাহিনী বলে কিছু নেই। আমার ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা ছাড়া কোনো মামলা নেই।’সম্প্রতি গৌরনদী থানায় বদলি হয়ে আসা ওসি মো. মেজবাউদ্দিন বলেন, ‘আমি এ ধরনের অভিযোগ এখনো পাইনি। তবে সর্বহারা-অধ্যুষিত সরিকল ইউনিয়নে ৩ এপ্রিলের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।