যোগদানের সময় কথা দিয়েছিলেন, তিন মাস পরপর প্রেসক্লাবে এসে নিজের কর্মকাণ্ডের জবাবদিহি করে যাবেন। প্রথম দফায় সে কথা রেখেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা। পুলিশ বাহিনীর ভেতরের কেউ কেউ অপরাধে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেছেন, তিনি ‘সর্ষের ভেতরের ভূত’ তাড়াতে সচেষ্ট আছেন।
সুভাষ চন্দ্র সাহা গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এসে এ জেলায় তাঁর প্রথম তিন মাসের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন। গত ৬ নভেম্বর ঝালকাঠি থেকে ফরিদপুরে বদলি হয়ে আসেন তিনি। ৭ নভেম্বর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেছিলেন, ‘আমি কথা নয়, কাজে বিশ্বাসী। আমার কর্মকাণ্ড নিয়ে প্রতি তিন মাস পরপর আমি নিজে প্রেসক্লাবে হাজির হয়ে জবাবদিহি করব।’
গতকালের সভায় পুলিশ সুপার বলেন, ফরিদপুর একটি ডাকাতপ্রবণ জেলা। এ জেলায় বাড়িতে, সড়কে ও মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি হয়। গত তিন মাসে ২১ ডাকাত গ্রেপ্তার হয়েছে। দুটি ডাকাতির মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। একই সময়ে পাঁচ ডাকাত ‘অন্তঃকোন্দলে’ নিহত হয়েছে।
পুলিশ সুপারের বক্তব্যের পরের প্রসঙ্গটি ছিল মাদক নিয়ে। তিনি জেলায় মাদকের আনাগোনা এবং তা দমনে পুলিশের ভূমিকা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশের আশ্রয়-প্রশ্রয় ও আশকারা ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না। আমি ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এ ব্যাপারে ভয়ংকর সব তথ্য পেয়েছি, যা আমার পেশার জন্য হুমকিস্বরূপ। তবে আমি সর্ষের মধ্যকার ভূত তাড়ানোর চেষ্টা করছি এবং গত তিন মাসে আমি অনেকটা সফলও হয়েছি।’ নিজের বাহিনীর মধ্যে কারা এই ‘ভূত’, তা নির্দিষ্ট করেননি এসপি। তবে তিনি বলেছেন, নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এরই মধ্যে ছয়-সাতজনকে শাস্তি দিয়েছেন। আর ভালো কাজের জন্য ২৭ জনকে পুরস্কৃত করেছেন।
এসপির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে ফরিদপুরে ৩৪২টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ৩৯৩ জন। একই সময়ে ১২ কেজি ৬৪৭ গ্রাম গাঁজা, ১৮ হাজার ৮৮৭টি ইয়াবা বড়ি ও ২২ লিটার দেশি-বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ছাড়া তিন মাসে পুলিশ চোরাচালান করে আনা ৫৯ ভরি স্বর্ণ উদ্ধার করে।
অনুষ্ঠানে সাংবাদিকেরা ফরিদপুরের বিভিন্ন মাদক বেচাকেনা ও সেবনের স্থান, মাদক ব্যবসায়ী, যানজট, কতিপয় পুলিশ কর্মকর্তার অসহযোগিতামূলক আচরণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। পুলিশ সুপার এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ফরিদপুরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিভিন্ন সংবাদমাধ্যমের অন্তত ১২ জন প্রতিনিধি।