'সস্তায় সৌদি রিয়াল' বেচেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সস্তায় সৌদি মুদ্রা রিয়াল পাওয়ার লোভে পড়েছিলেন রাজশাহী নগরের কোর্ট এলাকার শামীম রহমান (২৮)। কথিত রিয়াল সরবরাহকারীকে তিনি দেন দেড় লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে শামীম পুলিশের দ্বারস্থ হন। বৃহস্পতিবার রাতে পুলিশ ওই টাকা উদ্ধার ও তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, মাদারীপুরের শিবচরের বাঘমারা গ্রামের কাঞ্চন ঢালীর ছেলে ছালাম ঢালী (৪১) ও ইদ্রিছ মাতুব্বরের ছেলে নিজাম মাতুব্বর (৩৯) এবং রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদী গ্রামের নোয়াব আলী শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৪২)। তাঁদের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া থানায় প্রতারণার অভিযোগে মামলা করেছেন শামীম।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর কোর্ট চত্বরে ছিলেন শামীম রহমান। তাঁর কাছে নিজাম ও ছালাম বাদী গিয়ে বলেন, তাঁদের কাছে সৌদি আরবের মুদ্রা ৫০ রিয়ালের একটি নোট আছে। তাঁরা সেটি ভাঙাতে চান। কিন্তু কোথায় ভাঙানো যায়, তা বুঝতে পারছেন না। ৫০০ টাকা দিলেই নোটটি বিক্রি করবেন। রিয়ালের বাজার দর অনুযায়ী এটা অনেক কম। বিষয়টি বুঝতে পেরে শামীম নিজেই ৫০০ টাকায় নোটটি কিনে নেন। এ সময় শামীমের মুঠোফোন নম্বর নেন ওই দুজন।

রাতে ওই দুজন শামীমের মুঠোফোন নম্বরে ফোন দেন। বলেন, তাঁদের কাছে আরও রিয়াল আছে। সেগুলোর মূল্যমান তিন লাখ টাকা। তবে দেড় লাখ টাকা হলেই বেচে দেবেন। সস্তায় রিয়াল কেনার লোভে পড়ে যান শামীম। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের সাহেববাজারে তাঁর সঙ্গে নিজাম, ছালাম ও জাহাঙ্গীর দেখা করেন। তাঁরা শামীমের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে নেন। তাঁর হাতে একটি শপিং ব্যাগ ধরিয়ে দেন। পরে শামীম ব্যাগটি খুলে দেখেন, ভেতরে মাত্র চারটি ৫০ রিয়ালের নোট রয়েছে। এর সঙ্গে কিছু খবরের কাগজ ভাঁজ করে রাখা। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শামীম অভিযোগ দেন পুলিশের কাছে। এর ভিত্তিতে রাত ৯টার দিকে বোয়ালিয়া থানা-পুলিশের একটি দল নগরের গণকপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি আবাসিক হোটেল থেকে নিজাম, ছালাম ও জাহাঙ্গীরকে আটক করে তারা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ওই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।