কক্সবাজারে তাঁত বোর্ডের দিনব্যাপী প্রশিক্ষণ
'সহযোগিতা পেলে বন্ধ তাঁত শিল্পগুলো আবার চালু সম্ভব'
একসময় তাঁতশিল্পই ছিল উপার্জনের প্রধান উৎস। হাতে তৈরি তাঁতের কাপড় বিভিন্ন দেশে রপ্তানি হতো। সেই ঐতিহ্যবাহী শিল্পটি এখন বিলুপ্তির পথে। তাঁতশিল্পের ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা দরকার। সরকারি সহযোগিতা পেলে বন্ধ হওয়া তাঁতশিল্পগুলো পুনরায় চালু করা সম্ভব।
গতকাল শনিবার কক্সবাজার সৈকতের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ‘কক্সবাজার জেলার তাঁতশিল্পীদের পেশাগত দক্ষতার উন্নয়নে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময়’ সভায় ক্ষুদ্র জাতিসত্তার নারীরা এসব কথা বলেন।
বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন টেকনাফ, মহেশখালী, চকরিয়া, রামু ও কক্সবাজার শহরের তাঁতশিল্পের ৬০ জন কারিগর। যাঁর মধ্যে ৪২ জনই রাখাইন নারী।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন তাঁত বোর্ডের সদস্য আবুল কাশেম মো. বোরহান উদ্দিন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম মর্তুজা, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুর ইসলাম, রাঙামাটি জেলা তাঁতশিল্পী সমিতির সভাপতি নাছির উদ্দিন প্রমুখ।
শহরের এন্ডারসন সড়কের ক্যওমে রাখাইন বলেন, অতীতে তাঁতশিল্পে সমৃদ্ধ ছিল কক্সবাজারের রাখাইন পল্লিগুলো। তাঁত ছিল রাখাইন সম্প্রদায়ের আয়-রোজগারের প্রধান উৎস। এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৯৭ শতাংশই ছিলেন নারী। বাড়ির কাজের পাশাপাশি নারীরা তাঁতের কাপড় তৈরি করে বাড়তি উপার্জন করে সংসারের চাহিদা পূরণ করতেন। কিন্তু তাঁতশিল্পে সরকারি প্রণোদনার অভাব ও অসহযোগিতাসহ বিভিন্ন কারণে ২০০০ সাল থেকে তাঁতশিল্প বন্ধ।
টেকপাড়ার মামাউং রাখাইন বলেন, ‘সরকারি প্রণোদনা পেলে আমরা আবারও সেই ঐতিহ্যবাহী তাঁতশিল্পে ফিরতে পারব।’
বড়বাজার এলাকার মায়েনু রাখাইন বলেন, বন্ধ হওয়া তাঁতশিল্পগুলো সরকারি সহযোগিতায় চালু হলে রাখাইন জাতিসত্তার আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আব্দুর রহমান বলেন, কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের কাছে তাঁতে তৈরি কাপড়ের চাহিদা অনেক। রাখাইন পল্লিগুলোতে তাঁতশিল্পের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে পারলে কক্সবাজারের পর্যটন আরও সমৃদ্ধ হবে।
তাঁত বোর্ডের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ বলেন, তাঁতশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা দলের মাধ্যমে তাঁতশিল্পের সমস্যাগুলো চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের প্রায় জেলায় আধুনিক তাঁতশিল্পের ওপর প্রশিক্ষণ শুরু হবে। এরপর প্রণোদনা হিসাবে তাঁতশিল্পীদের মধ্যে ১৫০ কোটি টাকা বিতরণ
করা হবে।