'সহিংসতা রুখব শান্তির দেশ গড়ব'
মাহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবস সামনে রেখে ‘সহিংসতা রুখব, শান্তির দেশ গড়ব’ স্লোগানে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমি (বিআরডিবি) মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্ট ও বেসরকারি সংস্থা স্টপ ভায়োলেন্স কোয়ালিশন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে।
সহিংসতা দূর করতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় গান্ধী আশ্রম ট্রাস্টসহ ১৬টি সংগঠন এ প্রচারণা চালাবে। আজ শুক্রবার নোয়াখালী থেকে এ প্রচারণা শুরু হবে। সাত দিনের এই প্রচারাভিযানে শান্তি-সম্প্রীতির সপক্ষে স্বাক্ষর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি প্রদর্শন, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হবে।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গান্ধী আশ্রম ট্রাস্টের কর্মকর্তা অসীম কুমার বকশি। বক্তব্য দেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, ‘সহিংসতা রুখব, শান্তির দেশ গড়ব’ প্রচারাভিযানের সমন্বয়ক নুরুল আলম।
লিখিত বক্তব্যে জানানো হয়, মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। ২০১৪ সালে সারা দেশে গান্ধী আশ্রম ট্রাস্ট এবং ১৫টি বেসরকারি সংস্থা অংশীদারত্বের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় ‘সহিংসতা রুখব, শান্তির দেশ গড়ব’ শীর্ষক প্রচারাভিযান শুরু করে। সহিংসতার বিরুদ্ধে শান্তি, সহনশীলতা ও ঐক্য প্রতিষ্ঠায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ প্রচারণা চালানো হচ্ছে।