'সহিংসতার চক্র' ভাঙুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মুক্তচিন্তা ও বিশ্বাসের লোকজনের ওপর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই হামলাগুলো বাংলাদেশে মানবাধিকার, বাক্স্বাধীনতা ও বিশ্বাসের ওপর নজিরবিহীন হুমকি তৈরি করেছে। এটি উদার ও সহনশীল সমাজ হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে ব্যাহত করতে পারে।
এমন এক প্রেক্ষাপটে গত রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক ব্রিফিংয়ে সাম্প্রতিক এসব ‘সহিংসতার চক্র’ ভাঙতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ব্রিফিংয়ে উপস্থিত কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক প্রেক্ষাপটে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু জোটের অবস্থান তুলে ধরেন। পিয়েরে মায়াদুর নেতৃত্বে গত রোববার যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ সাতটি দেশের কূটনীতিকেরা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে যোগ দেন। প্রায় দেড় ঘণ্টার ওই আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত রোববার ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক হত্যার প্রেক্ষাপটে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং এ-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় কূটনীতিকদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। লোকজনকে ‘কাণ্ডজ্ঞানহীনভাবে হত্যার’ নিন্দা জানিয়ে মাহমুদ আলী বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুনির্দিষ্টভাবে, পূর্বপরিকল্পিতভাবে ও গুপ্তহত্যার মাধ্যমে লোকজনকে খুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশে-বিদেশে বাংলাদেশ ও সরকারের ভাবমূর্তি নষ্টের পাঁয়তারা চালাচ্ছে। প্রাথমিক তদন্তের প্রসঙ্গ টেনে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াতে ইসলামী এবং এর সংশ্লিষ্ট সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
বৈঠকে উপস্থিত একাধিক কূটনীতিকের সঙ্গে গতকাল সোমবার কথা বলে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কূটনীতিকদের কাছে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে তাঁদের নিরাপত্তা পরিস্থিতি কেমন, সে সম্পর্কে জানতে চান। তখন ইউরোপের কূটনীতিকেরা গত বছরের শেষ দিকের সন্ত্রাসী ও সহিংস হামলার পরিপ্রেক্ষিতে গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের নেওয়া বাড়তি পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ব্রিফিংয়ে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা গত বছর ঢাকায় খুন হওয়া তাঁর দেশের নাগরিক সিজার তাবেলা হত্যার তদন্তের অগ্রগতি জানতে চান। গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত তাবেলা হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ তথ্য তুলে ধরেন।
একপর্যায়ে আলোচনায় অংশ নিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেইক ও ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট মত দেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং একটি বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে একসঙ্গে এ সমস্যার সমাধান করতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিফিংয়ে যোগ দেওয়ার সময় ইইউর তৈরি করা বিজ্ঞপ্তির খসড়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেখান ইইউর রাষ্ট্রদূত। ওই বিজ্ঞপ্তির একটি অংশে জঙ্গিবাদ মোকাবিলার পূর্বশর্ত হিসেবে ‘গণতান্ত্রিক জবাবদিহির বিকাশ’ নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ওই শব্দ দুটি বাদ দেওয়ার প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত তা মানেনি ইউরোপীয় ইউনিয়ন। কারণ, ব্রিফিংয়ের পর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ‘গণতান্ত্রিক জবাবদিহি’ শব্দ দুটির উল্লেখ ছিল।
এদিকে ব্রিফিংয়ের পর ঢাকায় ইইউ দূতাবাসের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তাজনিত ঘটনা ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় তাদের উদ্বেগ নিয়ে ইইউর রাষ্ট্রদূতেরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁরা সাম্প্রতিক বর্বরোচিত হামলা এবং ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকারকর্মী, বিদেশি নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নিরীহ লোকজনের হামলার শিকার হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন। অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সহিংসতার বৃত্ত ভাঙতে এবং ঝুঁকিতে থাকা সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান। কার্যকর ও সমন্বিতভাবে জঙ্গিবাদ দমনের জন্য গণতান্ত্রিক জবাবদিহির বিকাশ, মতপ্রকাশের স্বাধীনতা, গতিশীল গণমাধ্যম এবং সহনশীলতা ও নাগরিক সমাজের ক্ষমতায়ন জরুরি বলে মনে করেন ইইউর রাষ্ট্রদূতেরা।