'সাঁকোটাত উঠলেই ভয় নাগে'
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডা গ্রামের নলশীষা খালের ওপর ১০ বছর আগে নির্মিত সাঁকোটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে উপজেলার তিনটি ইউনিয়নের ২০ গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
উপজেলার কুশদহ ইউনিয়নের বাগাডুবি গ্রামের কৃষক সামছুল হক (৫০) বলেন, ‘দুই চারোত সাঁকোটাত লোক পরি যায়। ওটাত (সাঁকোতে) উঠলেই ভয় নাগে।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চামুন্ডা গ্রামের ওপর নলশীষা খালের প্রস্থ প্রায় ৬০ ফুট। এখানে খালটিতে প্রায় ১২ ফুট পরপর পিলার বসানো হয়েছে। এতে দুই পাশে মোট ১০টি পিলার রয়েছে। এর মধ্যে আটটি পিলারে ঢালাই ও দুটিতে কাঠের বিম রয়েছে। এর ওপর বাঁশের চাটাই দেওয়া। তার ওপর স্লাব বসানো। দুই পাশে কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় ঝুঁকি নিয়ে এ সাঁকো পারাপার হচ্ছে লোকজন।
সাইকেলে করে মেয়েকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় কথা হয় জাহানপুর গ্রামের নজিবর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘হারা কৃষাণ মানুষ। সারা দিন জমিত না থাকলে হয় না। সাঁকোটা ভালো থাকলে ছটলা ভ্যানোত আসপা পারলো হয়। প্রতিদিন ছটলাক স্কুলোত থুতে আর নিতে দিনটাই চলে যায়।’
চামুন্ডা দারুস সুন্নাহ হেফজুল মাদ্রাসার শিক্ষক মো. সোলায়মান আলী বলেন, ‘ঝুঁকিপূর্ণ সাঁকো হওয়ায় এ সেতু দিয়ে রিকশাভ্যান-জাতীয় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে দূরের ছাত্রীদের হেঁটেই বিদ্যালয়ে চলাচল করতে হয়।’
জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সরোয়ার রহমান বলেন, এ সাঁকো দিয়ে উপজেলার জয়পুর, কুশদহ ও গোলাপগঞ্জ ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ১৫ হাজার লোক চলাচল করে। ১৯৯৬ সালে জয়পুরের তৎকালীন ইউপি চেয়ারম্যান সাঁকোটি নির্মাণের উদ্যোগ নেন। অর্থের অভাবে কাজটি সম্পূর্ণ করা যায়নি। সাঁকোটি সংস্কারে বহুবার জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা না নেওয়ায় সাঁকোটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সাঁকোটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নববাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মাধ্যমে নলশীষা খালের ওপর ৬০ ফুট বক্স কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই সেখানে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।