'সাংবাদিক অশোক সেনের মতো গুণীদের বাঁচিয়ে রাখতে হবে'
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন বলেছেন, যে জিতে যায়, সে সব নিয়ে যায়। রাজনৈতিক-সমাজিক সবখানেই এখন এমনই অবস্থা। খুব কম মানুষই আছেন জিতে সমাজকে কিছু দিয়ে যান। সাংবাদিক অশোক সেন এই কম সংখ্যক মানুষের মধ্যে ছিলেন। এ ধরনের গুণী মানুষদের বাঁচিয়ে রাখতে হবে।
আজ শনিবার বিকেলে প্রথিতযথা সাংবাদিক অশোক সেনের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় আবুল হোসেন এ কথা বলেন। প্রথম আলো যশোর বন্ধুসভা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে উদীচী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অশোক সেনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমবেত কণ্ঠে শোক সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণা করেন প্রবীণ রাজনীতিক কাজী আবদুস শহীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি হারুন-অর-রশীদ, কবি ও সাংবাদিক ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আর খায়রুল উমাম, বন্ধুসভার বন্ধু ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উদীচীর সহসভাপতি মাহবুবুর রহমান, প্রয়াত অশোক সেনের ছেলে অর্ণব সেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ অশোক সেনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে যশোর শহরের বেজপাড়া এলাকার বাড়ির সামনের সড়কটি তাঁর নামে নামকরণের দাবি জানান। সমবেত সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
অশোক সেন প্রথম আলোর যশোর কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক ছিলেন। ২০১০ সালের ৩ জানুয়ারি তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উদীচীর উপদেষ্টা ও আজীবন সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন।