'সাংবাদিক আইছে, লাইন ধর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুবক পোলিং কর্মকর্তার সামনেই ব্যালট পেপারের পাতা উল্টে দ্রুত একের পর এক সিল মেরে যাচ্ছেন। আর কয়েকজন দরজার কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। গতকাল রোববার বেলা দুইটায় টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চবিদ্যালয় কেন্দ্রের চিত্র এটি। তবে নির্বাচন হওয়া অন্য উপজেলাগুলোতেও চলেছে কম-বেশি অনিয়মের উৎসব।
গোবিন্দাসী উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে মেতে ওঠা যুবকদের বুকে ছিল আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালিমের ছবি ও তাঁর নির্বাচনী প্রতীকসংবলিত ব্যাজ। প্রথম আলোর প্রতিবেদকের গলায় ঝোলানো সাংবাদিক কার্ড দেখেই এক যুবক বলে উঠলেন, ‘এই সাংবাদিক আইছে, লাইন ধর।’ উপস্থিত যুবকদের লাইনে দাঁড় করাতে ব্যস্ত হয়ে গেলেন তিনি। সংলগ্ন গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দেখা গেছে একই ধরনের চিত্র। পরে কেন্দ্রের বাইরে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, এখানে ক্ষমতাসীন দলের প্রার্থী আবদুল হালিমের বাড়ি হওয়ায় তাঁর পক্ষে সর্বোচ্চ ভোট দেওয়ার আয়োজন চলছে। এখানে অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টও দেখা যায়নি। জানতে চাইলে ভোট গ্রহণের কাজে যুক্ত একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমরা এখানে অসহায়।’
তবে গোবিন্দাসী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তানভীর মেহেদী দাবি করেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভূঞাপুরের আরও বেশ কিছুসংখ্যক কেন্দ্রে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সিল মারা, জাল ভোট দেওয়া, এজেন্টদের সামনে ভোটারদের ভোট দিতে বাধ্য করাসহ বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটে। কালিহাতী উপজেলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর এলাকায়ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বেলা আড়াইটায় ভূঞাপুরের নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বাইরে কোনো ভোটার নেই। আর ভেতরে গিয়ে বোঝার উপায় নেই কে কর্মকর্তা, কে ভোটার। সবাই ছড়িয়ে-ছিটিয়ে বসে সিল মারছেন। সেখানে প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, কেন্দ্রের মোট তিন হাজার ৩৬২ ভোটের মধ্যে প্রায় তিন হাজার ভোট পড়েছে। তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।